home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


মনোযোগ নষ্ট করে যে ৫ অভ্যাস, বদলাবেন যেভাবে

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ১৮:৫৭

Facebook
Twitter

মনোযোগ নষ্ট করে যে ৫ অভ্যাস, বদলাবেন যেভাবে

আধুনিক জীবনে সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন খবর, ইমেইল ও নানা ধরনের নোটিফিকেশনের কারণে দিনের বেশির ভাগ সময়ই আমাদের মনোযোগ বিভক্ত থাকে। প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার ছাড়াও দৈনন্দিন জীবনের কিছু অভ্যাস মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে। এসব অভ্যাস সম্পর্কে সচেতন হয়ে প্রয়োজনীয় পরিবর্তন আনলে কাজে মনোযোগ ধরে রাখা সহজ হতে পারে।

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা

ঘুম থেকে জেগেই ফোনের নোটিফিকেশন, মেসেজ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের আপডেট দেখা অনেকের দৈনন্দিন অভ্যাস। দিনের শুরুতেই এসব তথ্যের ভিড়ে ঢুকে পড়লে মনোযোগ বিভিন্ন দিকে ছড়িয়ে যেতে পারে। পাশাপাশি অন্যের বার্তা বা কাজের চাপ নিয়ে দিন শুরু হওয়ায় মানসিক অস্থিরতাও তৈরি হতে পারে।

এই অভ্যাস বদলাতে ঘুম থেকে ওঠার পর কিছু সময় ফোন থেকে দূরে থাকুন। দিনের শুরুটা নিজের জন্য রাখুন। চাইলে কিছুক্ষণ হাঁটাহাঁটি, ধ্যান কিংবা দিনের কাজের পরিকল্পনা করতে পারেন।

একসঙ্গে একাধিক কাজ করা

একসঙ্গে অনেক কাজ করতে পারাকে অনেকে দক্ষতা মনে করেন। কিন্তু বাস্তবে বারবার একটি কাজ থেকে অন্য কাজে মনোযোগ সরাতে গিয়ে সময় ও কর্মক্ষমতা দুটোই ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে কোনো কাজেই যথেষ্ট মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে এবং ভুলের আশঙ্কাও বাড়ে।

এ সমস্যা এড়াতে একবারে একটি কাজ শেষ করার চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ কাজের জন্য নির্দিষ্ট সময় রাখুন এবং কাজের ফাঁকে অপ্রয়োজনীয় ফোন দেখা বা অন্য কাজে ব্যস্ত হওয়া থেকে বিরত থাকুন।

পর্যাপ্ত পানি পান না করা

শরীরে পানির ঘাটতি হলে ক্লান্তি, মাথাব্যথা ও মনোযোগের সমস্যা দেখা দিতে পারে। মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতেও পর্যাপ্ত পানি প্রয়োজন। তাই দীর্ঘ সময় পানি পান না করলে কাজে মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে।

এ জন্য দিনের বিভিন্ন সময়ে নিয়মিত পানি পান করুন। কাজের টেবিলে পানির বোতল রাখতে পারেন, যাতে পানি পান করার কথা সহজেই মনে থাকে।

পর্যাপ্ত ঘুম না হওয়া

মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমের জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুমের সময় মস্তিষ্ক বিশ্রাম নেওয়ার পাশাপাশি স্মৃতি ও তথ্য প্রক্রিয়াকরণের কাজ করে। ঘুমের ঘাটতি হলে মনোযোগ, স্মৃতিশক্তি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ব্যাহত হতে পারে। ফলে, দৈনন্দিন কাজেও ভুল হওয়ার আশঙ্কা বাড়ে।

এ সমস্যা এড়াতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়ার অভ্যাস গড়ে তুলুন। প্রাপ্তবয়স্কদের সাধারণত রাতে সাত থেকে নয় ঘণ্টা ঘুম প্রয়োজন। ঘুমানোর আগে ফোন বা অন্যান্য ডিজিটাল ডিভাইসের ব্যবহার কমানোও সহায়ক হতে পারে।

অতিরিক্ত চিনি ও পরিশোধিত কার্বোহাইড্রেট খাওয়া

অতিরিক্ত চিনিযুক্ত খাবার ও পানীয় এবং পরিশোধিত কার্বোহাইড্রেটের ওপর নির্ভরতা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অন্তরায় হতে পারে। এসব খাবার রক্তে শর্করার মাত্রায় দ্রুত পরিবর্তন ঘটাতে পারে। ফলে কারও কারও ক্লান্তি বা ঝিমুনি অনুভূত হতে পারে, যা কাজে মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে।

এর পরিবর্তে বাদাম, ফল, শাকসবজি, পূর্ণ শস্য এবং ওমেগা-৩ সমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় রাখতে পারেন। সুষম খাবার শরীর ও মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে।

মনোযোগ বাড়াতে যা করবেন

মনোযোগ ধরে রাখতে প্রথমেই অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখুন। কাজের সময় ফোন দূরে রাখলে বারবার মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রবণতা কমতে পারে। একসঙ্গে একাধিক কাজ না করে একটি কাজ শেষ করার অভ্যাস গড়ে তুলুন।

দীর্ঘ সময় একটানা কাজ না করে মাঝেমধ্যে ছোট বিরতি নিন। মানসিক চাপ কমাতে ধ্যান করতে পারেন। পাশাপাশি নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর খাবারের অভ্যাস গড়ে তুলুন। সুযোগ পেলে প্রকৃতির কাছাকাছি সময় কাটান। পছন্দের গান শুনেও মানসিক প্রশান্তি পেতে পারেন।

মনোযোগের ঘাটতি এক দিনে তৈরি হয় না, তাই তা কাটিয়ে উঠতেও সময় প্রয়োজন। দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসে পরিবর্তন আনতে পারলে ধীরে ধীরে মনোযোগ ও কাজের দক্ষতা বাড়ানো সম্ভব।

সূত্র : ইজিপ্ট টুডে



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।