স্পেশাল করেসপনডেন্ট, ঢাকা
কিশোরগঞ্জের ইটনা উপজেলা বিএনপি সভাপতি এসএম কামাল হোসেন ও তাঁর ভাতিজাদের বিরুদ্ধে ইটনা সরকারি কলেজের পুকুর ও জায়গা দখলের অভিযোগ নিয়ে এলাকায় তোলপাড় চলছে। এ পরিস্থিতিতে উপজেলা বিএনপি সভাপতি কামাল হোসেন সংবাদ সম্মেলন করে কলেজের পুকুর ও জায়গা দখলে নিজের সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছেন। একইসঙ্গে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন, তাঁর অবস্থান কলেজের পক্ষে। কলেজের কোনো ক্ষতি হোক তিনি তা চান না। কলেজের এক ইঞ্চি জায়গা যেন কেউ বে-আইনিভাবে দখল করতে না পরে, সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
রোববার (১২ এপ্রিল) দুপুরে জেলা শহরের একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কলেজের পুকুর ও জায়গা দখলের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতন হলেও তাদের সুবিধাভোগী একটি গোষ্ঠী নানা অবস্থানে এখনো সক্রিয় রয়েছে। তাঁরাই আমাকে জনস্বার্থসংশ্লিষ্ট একটি বিষয়ে জড়িয়ে এই অপপ্রচারে ইন্ধন জোগাচ্ছে। প্রকৃতপক্ষে তিনি ব্যক্তিগতভাবে ও বিএনপির নেতাকর্মীরা কেউ কলেজের জায়গা ও পুকুর দখলের সঙ্গে জড়িত না।
তবে স্থানীয়দের অভিযোগ, বিএনপি নেতা কামাল হোসেন ও তার ভাতিজা প্রভাব খাটিয়ে জোরপূর্বক ওই জায়গা দখল করে নিয়ে তাতে সাইনবোর্ড স্থাপন, পুকুরে বেষ্টনী নির্মাণ করেন। পরবর্তী সময়ে স্থাপনা তৈরির জন্য সেখানে পিলার বসান। বিএনপি সভাপতি সশরীরে সেখানে না গেলেও জায়গা দখলে তাঁর নেপথ্য ভূমিকা ছিল। জানা গেছে, কামাল হোসেনের বড়ভাইয়ের সঙ্গে জায়গাজমি নিয়ে কলেজের বিরোধ ছিল। তার ছেলেরা সম্প্রতি কলেজের প্রায় এক একর জায়গা দখল করে নেন।
এ প্রসঙ্গে কামাল হোসেন সংবাদ সম্মেলনে বলেন, এটা কলেজ ও তার ভাতিজাদের ব্যাপার। তিনি নিজে ও দলের (বিএনপি) কেউ কলেজের জায়গা দখল করতে যাননি। তাঁকে অহেতুক এসবের সঙ্গে জড়ানো হচ্ছে। তিনি বলেন, কলেজের জায়গা জমি রক্ষায় যেকোনো উদ্যোগের সঙ্গে আমি ভূমিকা রাখতে রাজি আছি। কলেজের ক্ষতিগ্রস্ত হোক, তা আমি চাই না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শ্যামল মিল্কী, ইটনা সদর ইউনিয়ন বিএনপি সভাপতি এম.এ ছালেক, সহসভাপতি মেজান মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার বেপারী, সাংগঠনিক সম্পাদক আলীউর মিয়া, উপজেলা জাসাসের সভাপতি ইউসুফ কবীর তোতা ও উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল কুদ্দুছ প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান
ফোন : +8801609378100, ই-মেইল: kolom24news@gmail.com