নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষার্থী, শিক্ষক ও ছাত্রশিবিরের জনশক্তির ওপর হামলার অভিযোগ এনে এক জরুরি সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সম্মেলনে সাংবাদিকদের সামনে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
এ সময় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, প্রচার সম্পাদক এস এম ফরহাদসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেন, আজ চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রশিবিরের জনশক্তির ওপর এক ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলা চালায় ছাত্রদলের সন্ত্রাসীরা। সিটি কলেজে ইসলামী ছাত্রশিবিরের স্বাভাবিক ও শান্তিপূর্ণ দাওয়াতি কার্যক্রম দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে। জুলাই বিপ্লবকে কেন্দ্র করে আমাদের গ্রাফিতি, দেয়াল লিখন এবং শহীদ শরিফ ওসমান বিন হাদির স্মরণে দেয়ালচিত্র অঙ্কন করা হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, ছাত্রদলের সন্ত্রাসীরা ধারাবাহিকভাবে আমাদের ব্যানার-ফেস্টুনগুলো ছিঁড়ে ফেলেছে এবং জুলাই বিপ্লবের স্মৃতি সম্বলিত গ্রাফিতিগুলো মুছে দিয়ে সেখানে অত্যন্ত আপত্তিকর ও কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করছে। তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে না বলেই এই ধৃষ্টতা দেখিয়েছে।
তিনি আরও বলেন, আজ সকালে আমাদের দায়িত্বশীলরা যখন কলেজ প্রশাসনের কাছে এই ঘটনার নালিশ জানাতে যান, তখন সেখানে আগে থেকেই অবস্থানরত ছাত্রদলের সশস্ত্র সন্ত্রাসীরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এমনকি পরিস্থিতি শান্ত করতে আসা সম্মানিত শিক্ষকদের ওপরও তারা চড়াও হয় এবং তাঁদের শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরবর্তীতে আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পেছন দিক থেকে রামদা, ক্রিজ ও দেশীয় অস্ত্র নিয়ে ভাড়াটে সন্ত্রাসীরা পুনরায় হামলা করে। এই হামলায় আমাদের অসংখ্য ভাই গুরুতর আহত হয়েছেন; একজনের পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হওয়ার পথে। বর্তমানে তাঁরা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান
ফোন : +8801609378100, ই-মেইল: kolom24news@gmail.com