২২ এপ্রিল ২০২৬
preview
সিট ইস্যুতে ডাকসু নেতাকে হুমকি, নিরাপত্তা চাইলেন মুসাদ্দিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের পেছনের গেটে ডাকসুর এক নেতাকে পথরোধ করে হুমকি ও গালিগালাজের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন।


লিখিত অভিযোগে তিনি জানান, বুধবার (২২ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ২২ মিনিটের দিকে কলাভবনের পেছনের গেট ও সিঁড়ির কাছে তিনি ক্লাসে যাওয়ার পথে ছিলেন। এ সময় ছাত্রদলের নেতা আলাউদ্দীন তার পথরোধ করেন। তার সঙ্গে আরও কয়েকজন নেতাকর্মী ছিলেন।


মুসাদ্দিক অভিযোগ করেন, আলাউদ্দীন প্রথমেই তাকে জিজ্ঞাসাবাদ করেন কেন তিনি তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। জবাবে তিনি বলেন, পোস্টে কোনো আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়নি এবং বিষয়টি ছিল বিশ্ববিদ্যালয়ের নিয়ম-নীতির বাইরে ‘বিশেষ বিবেচনায়’ সিট দেওয়ার সমালোচনা।


তিনি দাবি করেন, বিশেষ বিবেচনায় ৩৬ জনকে সিট দেওয়া হয়েছে, যাদের অধিকাংশই ছাত্রদলের নেতা। তার ভাষ্য অনুযায়ী, এটি নিয়মবহির্ভূত এবং রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে, যা সাধারণ শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক।


অভিযোগে আরও বলা হয়, কথোপকথনের এক পর্যায়ে আলাউদ্দীন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করেন। আশপাশের লোকজন তাকে সরিয়ে নিলেও তিনি বারবার তেড়ে আসেন এবং চলে যাওয়ার সময়ও হুমকি দিতে থাকেন।


মুসাদ্দিক বলেন, তার হুমকিতে আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। যেকোনো সময় তারা কোনো ক্ষতি করতে পারে। তিনি প্রক্টরের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ঘটনার বিচার দাবি করেন। একইসঙ্গে নিয়মবহির্ভূতভাবে দেওয়া সিট বাতিল করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বণ্টনের আহ্বান জানান।


এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।


ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান

ফোন : +8801609378100, ই-মেইল: kolom24news@gmail.com