২৭ এপ্রিল ২০২৬
preview
ঢাবিতে ডাকসুর উদ্যোগে ফিলিস্তিন বিষয়ক আন্তর্জাতিক সেমিনার

কলম২৪ প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে ‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সি: ভয়েসেস ফ্রম প্যালেস্টাইন—অ্যান ইন্টারন্যাশনাল সেমিনার অন লিবারেশন অ্যান্ড জাস্টিস’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৭ এপ্রিল) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।


সেমিনারে উপস্থিত ছিলেন প্যালেস্টাইন স্কলারস অ্যাসোসিয়েশনের সভাপতি নওয়াফ হাইল তাকরুরি, ধর্মতাত্ত্বিক ও গবেষক এবং আইএফএম-এর প্রতিষ্ঠাতা ড. ইহসান সেনোকাক আফেন্দি, তুরস্কের রিবাত হিউম্যানিটেরিয়ান এইড অ্যাসোসিয়েশনের সভাপতি সাইয়্যিদ মেহমেত ডুমান, আল-কুদস ওয়াকফ ফর হেল্প অ্যান্ড এডুকেশনের চেয়ারম্যান ড. জাকারিয়া খালিলসহ ডাকসুর ভিপি মো. আবু সাদিক কায়েম, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শাহীন ও আনাস ইবনে মুনির।


প্যালেস্টাইন স্কলারস অ্যাসোসিয়েশনের সভাপতি নওয়াফ হাইল তাকরুরি বলেন, “বায়তুল মাকদিসের সঙ্গে মুসলমানদের সম্পর্ক গভীর ও ঐতিহাসিক। বাংলাদেশসহ মুসলিম বিশ্বকে এ ইস্যুতে আরও সোচ্চার হতে হবে।” তিনি তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিন ইস্যু সক্রিয় রাখার আহ্বান জানান।


তিনি আরও বলেন, অনেক আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেও বাংলাদেশের অবস্থান ভিন্ন। এ প্রসঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে আরও সেমিনার আয়োজনের আহ্বান জানান।


ড. ইহসান সেনোকাক আফেন্দি বলেন, সংকটকালে মুসলিমদের ধৈর্য ও ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাসে বিভিন্ন সময়ে মুসলিমদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংকট কাটিয়ে ওঠার উদাহরণ রয়েছে। তিনি তরুণদের ঈমান, ধৈর্য ও জ্ঞানের ওপর গুরুত্বারোপ করেন।


ডাকসুর ভিপি মো. আবু সাদিক কায়েম বলেন, “শিক্ষার্থীদের ইংরেজি ও আরবি ভাষায় দক্ষতা অর্জন করা জরুরি, যাতে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তুলে ধরা যায়।” তিনি ফিলিস্তিন ইস্যুতে শুধু সেমিনার নয়, বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন।


সাইয়্যিদ মেহমেত ডুমান বলেন, ছোট ছোট উদ্যোগও বড় পরিবর্তনের পথ তৈরি করতে পারে। ফিলিস্তিনের পক্ষে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


ড. জাকারিয়া খালিল বলেন, ফিলিস্তিন ইস্যু কেবল একটি অঞ্চলের নয়, এটি মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক। গাজায় চলমান পরিস্থিতি তুলে ধরে তিনি আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।


বক্তারা ফিলিস্তিনে চলমান সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বৈশ্বিক পর্যায়ে সচেতনতা ও কার্যকর উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।


ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান

ফোন : +8801609378100, ই-মেইল: kolom24news@gmail.com