নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রমে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে United Nations-এর কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে ‘Bangladesh Sheikh Russel Memorial Social Welfare Organization’ নামের একটি সংগঠন।
সংগঠনটির চেয়ারম্যান সাইয়েদা রাজিয়া মোস্তফার স্বাক্ষরিত চিঠিতে জাতিসংঘের মহাসচিব ও মানবাধিকারবিষয়ক হাই কমিশনারের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। চিঠিতে দাবি করা হয়, একটি নির্বাহী আদেশের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।
চিঠিতে বলা হয়, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ছিল ‘প্রহসনমূলক’, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার অংশ নেননি। অংশগ্রহণকারী কয়েকটি রাজনৈতিক দল ভোট জালিয়াতি ও ফলাফল কারচুপির অভিযোগ তোলে বলেও উল্লেখ করা হয়।
এছাড়া, দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দেওয়ায় গণতন্ত্রের গ্রহণযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতে পারে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
সংগঠনটি আরও দাবি করে, বিচারব্যবস্থা ও নির্বাচন কমিশনের কার্যকারিতা দুর্বল হয়ে পড়েছে এবং মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করা হয়েছে। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায় ও রাজনৈতিক কর্মীদের ওপর হামলা, সহিংসতা ও গ্রেফতারের অভিযোগও তুলে ধরা হয়।
চিঠিতে অর্থনীতিতে অস্থিরতা, অর্থ পাচার এবং বিপুলসংখ্যক মানুষের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। সংগঠনটির দাবি, বর্তমানে বিপুলসংখ্যক রাজনৈতিক কর্মী ও সমর্থক কারাবন্দি রয়েছেন।
এ প্রেক্ষাপটে, রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ কামনা করা হয়েছে।
চিঠির শেষে বলা হয়, দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবি—নিষেধাজ্ঞা প্রত্যাহার করে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম ফিরিয়ে আনা হোক।
ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান
ফোন : +8801609378100, ই-মেইল: kolom24news@gmail.com