২৯ এপ্রিল ২০২৬
preview
বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ কর্মসূচি শুরু হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুলাই থেকে পাইলট প্রকল্প আকারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।


বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে দেশব্যাপী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষামন্ত্রী বলন, সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে পরবর্তীতে সব উপজেলার সব শিক্ষার্থীর কাছে এসব সামগ্রী পৌঁছে দেয়া হবে। পরবর্তীতে মাদরাসা, হাইস্কুল এ উদ্যোগের অন্তর্ভুক্ত হবে।


তিনি জানান, বিজিএমইএ এক লাখ শিক্ষার্থীর জন্য ড্রেস, ব্যাগ, জুতা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যান্য প্রতিষ্ঠান এবং সংগঠনও বিভিন্ন পরিমাণে দেবে।


এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন,পাইলট প্রকল্প হিসেবে প্রতি উপজেলার ২টি করে প্রাইমারি স্কুলের ক্লাস ওয়ানে ব্যাগ, ড্রেস ও জুতা দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। এ কার্যক্রম আরও বিস্তৃত করতে ব্যবসায়ী এবং তাদের সংগঠনের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।


তিনি জানান, সব ছেলেদের জন্য একই রকম এবং সব মেয়েদের জন্য একই রকম ড্রেস, ব্যাগ ও জুতা হবে। সরকারের এ কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা আছে। প্রধানমন্ত্রী চান ব্যবসায়ী, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংগঠন যেন রাষ্ট্রকে আলাদা করে না দেখে, সেজন্যই তাদের ড্রেস, ব্যাগ, জুতা দেয়ার কার্যক্রমে যুক্ত করার কথা বলেছেন।


ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান

ফোন : +8801609378100, ই-মেইল: kolom24news@gmail.com