স্পেশাল করেসপনডেন্ট, ঢাকা
'শিক্ষা বাণিজ্যের শেকল ভেঙে আনতে অধিকারের আলো, সাম্যের মিছিলে এক হও দ্রোহের আগুন জ্বালো'— এই স্লোগানকে সামনে রেখে বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকা মহানগর শাখার ১৬তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ মে) ঢাকার সেগুনবাগিচায় আয়োজিত এ কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি তৈয়ব ইসলামের সভাপতিত্বে এবং শাহ সম্পূর্ণের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিলে উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি দিলীপ রায়, সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল এবং রাজনৈতিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সামি আব্দুল্লাহ।
সভায় বক্তারা দেশের চলমান শিক্ষা সংকট, শিক্ষা ব্যবস্থার বাণিজ্যিকীকরণ এবং ক্যাম্পাসে সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, বর্তমান রাষ্ট্রব্যবস্থায় শিক্ষাকে পরিকল্পিতভাবে সংকুচিত করা হচ্ছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শাসকগোষ্ঠীর ছাত্র সংগঠনগুলোর প্রভাব অব্যাহত রয়েছে। বক্তারা সন্ত্রাস, সাম্রাজ্যবাদ ও শিক্ষা বাণিজ্যের বিরুদ্ধে গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন জোরদারের আহ্বান জানান।
কাউন্সিলের শুরুতে শোক প্রস্তাব গৃহীত হয় এবং দেশ-বিদেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে ১৭ সদস্যবিশিষ্ট নতুন ঢাকা মহানগর কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন তৈয়ব ইসলাম, সাধারণ সম্পাদক শাহ সম্পূর্ণ এবং সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন মীর। রাজনৈতিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদটি পরবর্তীতে কো-অপ্ট করা হবে বলে জানানো হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রিফাতুল মোর্শেদ, সহ-সাধারণ সম্পাদক সোহাগ প্রামানিক, অর্থ সম্পাদক আফিয়া ওয়াসীমা আনিসা, দপ্তর সম্পাদক অতশী মম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজেদুল আলম তায়েফ।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন আশরাফুল হোসেন রাতুল, মোহাম্মদ আলিফ, জাহাঙ্গীর আলম, তানহা জামান, মোস্তাকিম বিন জাহিদ, শামসুজ্জোহা নব্য, স্নিগ্ধ মাহমুদ ও সৈকত হাওলাদার।
কাউন্সিল শেষে কেন্দ্রীয় সভাপতি দিলীপ রায় নবনির্বাচিত নেতাদের শপথ পাঠ করান। পরে নবনির্বাচিত কমিটি মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংগঠনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।
ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান
ফোন : +8801609378100, ই-মেইল: kolom24news@gmail.com