১৮ মে ২০২৬
preview
জাবির আন্দোলনে বিপ্লবী ছাত্র মৈত্রীর সংহতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন নারী শিক্ষার্থীর ওপর ধর্ষণচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে বিপ্লবী ছাত্র মৈত্রী। সিসিটিভি ফুটেজে অভিযুক্ত ব্যক্তিকে স্পষ্টভাবে দেখা গেলেও ঘটনার ৪৮ ঘণ্টা পার হওয়ার পরও আইনশৃঙ্খলা বাহিনী তার পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হয়েছে।


শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, ঘটনার প্রায় দেড় ঘণ্টা অতিবাহিত হয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারগুলো নিয়ন্ত্রণে আনা হয়নি ফলে অভিযুক্ত ব্যক্তি নির্বিঘ্নে ক্যাম্পাস এড়িয়া ত্যাগ করতে পারে৷ একইসাথে, অভিযোগ রয়েছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে মামলা করানোর ক্ষেত্রে ভুক্তভোগীকে  নানা জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। 


ঘটনার প্রেক্ষিতে বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায় ও সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল এক যৌথ বিবৃতিতে বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার শিক্ষার্থীদের নিরাপত্তা, বিশেষত নারী শিক্ষার্থীদের নিরাপত্তার প্রশ্নে চরম উদাসীনতার পরিচয় দিয়েছে। ধর্ষণচেষ্টার মতো গুরুতর ঘটনার পরও প্রশাসনের কার্যকর তৎপরতা আমরা দেখতে পাইনি। বরং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করাকেই তারা সাফল্য হিসেবে প্রচার করছে। শিক্ষাঙ্গনে ধর্ষণ, নিপীড়ন ও হেনস্তার ঘটনাগুলো বারবার ঘটতে দেখা যায় দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতির কারণে, যার পেছনে রয়েছে পিতৃতান্ত্রিক প্রশাসনিক কাঠামো। নিরাপত্তা নিশ্চিতকরণ বলতে এই প্রশাসন কেবল নারীদের ওপর সামন্তীয় বিধিনিষেধ আরোপ করাকে বোঝে। অথচ ক্লাসরুম, হল ও ক্যাম্পাসের বিভিন্ন এলাকাকে বাস্তবিক অর্থে নিরাপদ ও নারীবান্ধব করে তোলার ব্যাপারে তাদের কোনো কার্যকর পরিকল্পনা নেই।'


আন্দোলনরত শিক্ষার্থীদের ‘ষড়যন্ত্রকারী’ হিসেবে আখ্যা দেওয়ার প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ আরও বলেনন, 'ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন বা প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা আমরা প্রত্যাখ্যান করি। অবিলম্বে প্রক্টর কে এম রাশিদুল আলমকে আন্দোলনকারী শিক্ষার্থীদের 'ষড়যন্ত্রকারী' আখ্যা দিয়ে প্রক্টর দায়মুক্তির পথ খুঁজছে।'


বিবৃতিতে অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার, ঘটনার নিরপেক্ষ তদন্ত, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দায়িত্ব পালনে ব্যর্থ প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানানো হয়। একইসাথে দায়িত্ব পালনে ব্যর্থ প্রক্টরকে পদত্যাগ করে শিক্ষার্থীদের উত্থাপিত সকল দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। 


ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান

ফোন : +8801609378100, ই-মেইল: kolom24news@gmail.com