১৮ জুলাই ২০২৬
preview
আইন থেকে ফ্যাশনে অর্ণবের সফলতা

স্পেশাল করেসপনডেন্ট, ঢাকা

আইন পেশা থেকে যাত্রা শুরু হলেও হৃদয়ের টান ছিল ফ্যাশন ও গ্ল্যামারের জগতে। সেই ভালোবাসাকেই পেশা হিসেবে বেছে নিয়ে আজ বাংলাদেশ ও ভারতে একজন পরিচিত ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার হিসেবে কাজ করে যাচ্ছেন গোলাম মর্তুজা আলী অর্ণব। গত আট বছর ধরে তিনি সুনাম ও সম্মানের সঙ্গে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান তৈরি করেছেন।


নিজের দক্ষতা বাড়াতে তিনি ভারতের কলকাতার INIFD থেকে ফ্যাশন ডিজাইনিংয়ে ডিপ্লোমা সম্পন্ন করেন। পাশাপাশি বাংলাদেশেও একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে একই বিষয়ে আরেকটি ডিপ্লোমা অর্জন করেন। এরপর থেকেই পেশাদারভাবে ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করছেন।


অর্ণব জানান, তিনি মূলত ফিউশন ডিজাইন নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাঁর সিগনেচার কাজের মধ্যে রয়েছে হ্যান্ডলুম, কারচুপি ও জারদৌসি। বিশেষ করে কাতান কাপড়ের প্রতি তাঁর আলাদা ভালোবাসা রয়েছে।


তিনি বলেন, ক্যারিয়ারের শুরুতে সার্টিফায়েড ডিজাইনার না হলেও উন্নতমানের কাপড় নির্বাচন ও রঙের সমন্বয়ের প্রতি তাঁর আগ্রহ এবং দক্ষতা ছিল প্রশংসনীয়। সেই অভিজ্ঞতাই তাঁকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে।


বর্তমান ফ্যাশন ট্রেন্ড সম্পর্কে তাঁর মত, এখন মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আরাম ও স্টাইলের সমন্বয়। সময়ের সঙ্গে মানুষের রুচির পরিবর্তনই নতুন ট্রেন্ড তৈরি করে। আন্তর্জাতিক পর্যায়ে পশ্চিমা সংস্কৃতির ফ্যাশন বাংলাদেশের মানুষের ওপর বেশি প্রভাব ফেলে বলেও মনে করেন তিনি।গ্রীষ্মপ্রধান দেশের বাস্তবতায় হালকা রঙ, আরামদায়ক কাপড় ও রুচিশীল ডিজাইনই ভবিষ্যতে আরও জনপ্রিয় হবে বলে তাঁর বিশ্বাস। তিনি জানান, একটি পোশাকের ডিজাইন তৈরির কাজ তাঁর কাছে শুরু হয় সুতা নির্বাচন থেকেই। রঙ, কাপড়ের মান ও নিখুঁত ফিনিশিং—সবকিছুকেই তিনি সমান গুরুত্ব দেন।


অর্ণবের ভাষ্য, একটি ডিজাইনের ধরন নির্ভর করে ক্রেতার রুচি ও উপলক্ষের ওপর। হ্যান্ডলুমের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকার কারণে তাঁর প্রতিটি ডিজাইনে দেশীয় সংস্কৃতির সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ফুটে ওঠে।


আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের দেশীয় পণ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গুণগত মানের দিকে আরও মনোযোগ দেওয়া গেলে বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।


ফ্যাশন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে তিনি দেখেন সময়ের সঙ্গে মানুষের পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলাকে। কপি ডিজাইন প্রসঙ্গে তিনি বলেন, আইডিয়া নেওয়া স্বাভাবিক হলেও হুবহু নকল করা অনৈতিক এবং শাস্তিযোগ্য হওয়া উচিত।


টেকসই ফ্যাশন প্রসঙ্গে তাঁর মত, মানুষ সব সময় নতুন কিছু চাইলেও প্রতিটি ডিজাইনে সর্বোচ্চ মান নিশ্চিত করাই একজন ডিজাইনারের দায়িত্ব। ব্যক্তিগতভাবে তিনি শাড়িতে এক রঙের ভিত্তির ওপর বিভিন্ন রঙের উপকরণের সৃজনশীল ব্যবহার করতে পছন্দ করেন।


কোনো নির্দিষ্ট তারকার জন্য এখনো আলাদা করে ডিজাইন করার পরিকল্পনা না থাকলেও নিজের স্বাতন্ত্র্যপূর্ণ কাজ নিয়েই এগিয়ে যেতে চান তিনি। ব্যক্তিগত পোশাকের পছন্দে টি-শার্ট ও জিন্সে স্বাচ্ছন্দ্যবোধ করলেও ঐতিহ্যবাহী আয়োজনে নিজের ডিজাইন করা পাঞ্জাবিকেই সবার আগে বেছে নেন এই ফ্যাশন ডিজাইনার।



ফোন : +8801609378100, ই-মেইল: kolom24news@gmail.com