২৬ জুলাই ২০২৬
preview
ঢাকায় আসার জন্য অধীর হয়ে আছেন মধুমিতা

শোবিজ প্রতিবেদক, ঢাকা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের অবশেষে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই তার বাংলাদেশে কাজ করার গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। এবার সেই অপেক্ষার অবসান ঘটছে এবং 'গুলশানের চামেলি' সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের বড় পর্দায় দেখা যাবে 'পাখি' নামে পরিচিত এই অভিনেত্রীকে।


জানা গেছে, 'ডেডবডি', 'কিল হিম' ও 'রিভেঞ্জ' সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবালের এই নতুন ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মধুমিতা। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। এক সাক্ষাৎকারে মধুমিতা বলেন, ‘এই কাজটি নিয়ে দারুণ উত্তেজিত আমি। বহু বছর ধরে বিভিন্ন কাজের সূত্রে তার বাংলাদেশে যাওয়ার কথা থাকলেও কোনো না কোনো কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। এবার সেই দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে চলেছে।’


অভিনেত্রী আরও জানান, কিছুদিন আগে তিনি ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। গল্প ও চরিত্র সম্পর্কে জানার পরই এই কাজের প্রতি তার আগ্রহ তৈরি হয়। তিনি বলেন, গল্পটি খুবই চমৎকার এবং চরিত্রটি তার খুব পছন্দ হয়েছে। কলকাতায় নানা ধরনের কাজ করলেও এমন বহুমাত্রিক চরিত্রে তিনি আগে কখনো অভিনয় করেননি বলে জানান।


মধুমিতা নিয়মিতভাবে বাংলাদেশের নাটক, ওয়েব কনটেন্ট ও চলচ্চিত্র দেখেন। তার পছন্দের তালিকায় রয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর 'পিঁপড়াবিদ্যা', 'টেলিভিশন' ও 'থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার', পাশাপাশি গিয়াস উদ্দিন সেলিমের 'মনপুরা'। বাংলাদেশের শিল্পীদের কাজ নিয়েও মুগ্ধতা প্রকাশ করে তিনি বলেন, তাদের গল্প বলার ধরন ও উপস্থাপনা তাকে সত্যিই মুগ্ধ করে। পছন্দের শিল্পীদের নাম বলতে গিয়ে তিনি জানান, একজনের নাম বললে অন্যরা মন খারাপ করতে পারেন—তবু মোশাররফ করিমের কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেন, যার সঙ্গে তিনি আগে কাজও করেছেন। এছাড়া চঞ্চল চৌধুরীও তার প্রিয় শিল্পী, যার সঙ্গে কাজ করার ইচ্ছা তিনি প্রকাশ করেন। শাকিব খানকে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার আখ্যা দিয়ে সুযোগ পেলে তার সঙ্গেও কাজ করার আগ্রহ জানান তিনি।


মধুমিতা। ছবি: সংগৃহীতছোট পর্দা ও বড় পর্দা—দুই মাধ্যমেই সমান জনপ্রিয় মধুমিতা সরকার। 'বোঝে না সে বোঝে না', 'কেয়ার করি না' ও 'চিনি'সহ একাধিক কাজের মাধ্যমে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দর্শকদের কাছেও তিনি সুপরিচিত মুখ। এর আগে ২০১৬ সালে এনটিভিতে প্রচারিত 'মেঘবালিকা' নাটকে অভিনয় করেছিলেন তিনি। তবে 'গুলশানের চামেলি' হতে যাচ্ছে ঢাকাই চলচ্চিত্রে তার একেবারে প্রথম কাজ।



ই-মেইল: kolom24news@gmail.com