স্পেশাল করেসপনডেন্ট, ঢাকা
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে চলেছেন দেশের স্বনামধন্য চিত্রগ্রাহক ও নির্মাতা সাহিল রনি। সম্প্রতি নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে ‘দেয়ালের দেশ’ চলচ্চিত্রের জন্য সেরা সিনেমাটোগ্রাফার পুরস্কার অর্জন করেছেন তিনি। একই সময়ে যুক্তরাষ্ট্রের দুটি ভিন্ন চলচ্চিত্র উৎসবে তার চিত্রগ্রহণে নির্মিত আরও দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।
মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’ চলচ্চিত্রে অসাধারণ ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের জন্য এই আন্তর্জাতিক স্বীকৃতি পান সাহিল রনি। পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক স্বীকৃতি একজন নির্মাতার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। এই অর্জনের পেছনে পরিচালক মিশুক মনির আস্থা ও সহযোগিতার কথাও তিনি উল্লেখ করেন।
পুরস্কার জয়ের পাশাপাশি ১ আগস্ট নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ প্রদর্শনী হিসেবে দেখানো হয় প্রসূন রহমান পরিচালিত শেকড় (The Roots) যার চিত্রগ্রহণ করেছেন সাহিল রনি। একই উৎসবে তার কাজ করা দুটি ভিন্ন চলচ্চিত্রের উপস্থিতি একজন চিত্রগ্রাহকের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
একই দিনে ডালাসে অনুষ্ঠিত নবম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অব ডালাসে প্রদর্শিত হয় সাহিল রনির চিত্রগ্রহণে নির্মিত ‘অনাবৃত (Unveiled)’ সাইফুল ইসলাম মান্নুর গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রটির চিত্রগ্রহণ দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্র, ডকুমেন্টারি ও বিজ্ঞাপনের চিত্রগ্রহণ করেছেন সাহিল রনি। বর্তমানে তিনি ওয়ান এন্টারটেইনমেন্ট (চ্যানেল ওয়ান)-এর ব্রডকাস্ট অপারেশন্স বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) হিসেবে কর্মরত। আন্তর্জাতিক অঙ্গনে তার ধারাবাহিক সাফল্য বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটি ইতিবাচক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
ই-মেইল: kolom24news@gmail.com