নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ফ্রেন্ডশিপ কালচারাল ইভেন্ট ২০২৬-এর গ্র্যান্ড ফ্যাশন শোতে ডিজাইনার হিসেবে অংশ নিয়েছেন স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার অর্ণব মর্তুজা আলী। তার ফ্যাশন হাউস ‘আলী সাহাব’-এর পোশাক ও জুয়েলারির সমন্বয়ে আয়োজিত কিউটি ছিল নান্দনিক, জমকালো ও আকর্ষণীয়।
রোববার (২৩ আগস্ট) রাতে রাজধানীর ফার্মগেটের কেআইবি কনভেনশন হলে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ফ্রেন্ডশিপ কালচারাল ইভেন্টের আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশ সরকারের মন্ত্রী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের প্রতিনিধিসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফ্যাশন শোতে অর্ণব মর্তুজা আলী প্রদর্শন করেন দেশীয় মসলিন শাড়ির ওপর ভারী এমব্রয়ডারি কাজের বিশেষ কালেকশন। ঐতিহ্যবাহী মসলিনের সঙ্গে আধুনিক নকশার মেলবন্ধনে তৈরি পোশাকগুলোতে ফুটে ওঠে দেশীয় ফ্যাশনের সৌন্দর্য ও সমকালীনতার ছোঁয়া। পাশাপাশি জুয়েলারিতেও ছিল ফিউশন ও আধুনিকতার দারুণ সমন্বয়।
শো স্টপার হিসেবে র্যাম্পে উপস্থিত ছিলেন জেরিন জারা খান। তার আকর্ষণীয় উপস্থিতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। মেকআপে ছিলেন হাসান খান ও নাহিদ আহম্মেদ।
শো-এর কোরিওগ্রাফি করেন আন্তর্জাতিক ফ্যাশন কোরিওগ্রাফার আশিকুর রহমান পনি। তার পরিকল্পনা ও উপস্থাপনায় মডেলদের র্যাম্প ওয়াক ছিল ছন্দময় ও নান্দনিক।
সুন্দর ও পরিচ্ছন্ন এই ফ্যাশন শোর আয়োজন করেন সজীব মির্জা। তার তত্ত্বাবধানে পুরো আয়োজনটি ছিল দৃষ্টিনন্দন।
দেশীয় মসলিন, ভারী এমব্রয়ডারি ও আধুনিক ফিউশন জুয়েলারির মাধ্যমে অর্ণব মর্তুজা আলীর এই আয়োজন বাংলাদেশের ঐতিহ্যবাহী ফ্যাশনকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার একটি নান্দনিক প্রয়াস হিসেবে প্রশংসিত হয়েছে।
ই-মেইল: kolom24news@gmail.com