২৫ আগস্ট ২০২৬
preview
‘ভাইরাল হওয়ার নেশা নেই, নিজের কাজ নিয়েই থাকতে চাই’: নুর সিবা

স্পেশাল করেসপনডেন্ট, ঢাকা

ফেসবুক লাইভের শুরুর সময় থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় নুর সিবা। ২০১৬-১৭ সালের দিকে নিজের সাজ-পোশাকের ছবি প্রকাশ করলেই অনুসারীদের নানা প্রশ্নের মুখোমুখি হতেন তিনি। কোথা থেকে পোশাক কিনেছেন, মেকআপে কোন পণ্য ব্যবহার করেছেন এসব জানতে চাইতেন অনেকে। সেই আগ্রহ থেকেই ধীরে ধীরে শুরু হয় তার ব্র্যান্ড প্রমোশনের পথচলা।


তবে শুরুতে এটিকে পেশা হিসেবে নেওয়ার কোনো পরিকল্পনা ছিল না নুর সিবার। বরং তার মেকআপ লাইভগুলোই একসময় ব্যাপক জনপ্রিয়তা পায়। দর্শকদের ভালোবাসা ও আগ্রহ তাকে এই জগতে আরও এগিয়ে যেতে উৎসাহিত করে।


তবে নিজের পথচলার পেছনে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে অনুপ্রেরণা হিসেবে দেখেন না নুর সিবা। তার কথায়, ‘অনুপ্রেরণা কেউই না, নিজেই আমি।’ নিজের আত্মবিশ্বাস ও ইচ্ছাশক্তিকেই তিনি সবচেয়ে বড় শক্তি মনে করেন।


স্বভাবগতভাবেই কিছুটা চুপচাপ নুর সিবা। বেশি কথা বলা বা সবার সঙ্গে সহজে মিশে যাওয়ার অভ্যাস তার নেই। তারপরও নিজের কাজের জায়গায় ধীরে ধীরে একটি পরিচিতি তৈরি করেছেন তিনি।


ভাইরাল হওয়ার প্রতিও তার কোনো বিশেষ আগ্রহ নেই। নুর সিবা বলেন, ‘ভাইরাল হওয়ার তেমন কোনো মুহূর্ত নেই। আমি লো-কি থাকি, ভাইরাল হওয়ার নেশা নেই আমার।’ সামাজিক যোগাযোগমাধ্যমে কাজ করার কারণে জীবনে বড় কোনো পরিবর্তন এসেছে বলেও মনে করেন না তিনি।


তবে এই অঙ্গনের কিছু বিষয় তাকে হতাশ করে। বিশেষ করে যখন কেউ মানসম্মত কাজের চেয়ে নিজেদের ‘ইনফ্লুয়েন্সার’ পরিচয়কে বড় করে দেখেন, তখন কখনো কখনো কাজ ছেড়ে দেওয়ার কথাও মনে হয় তার। তবে এখন পর্যন্ত নিজের কাজ নিয়ে বড় কোনো বিতর্ক বা ট্রলিংয়ের মুখোমুখি হতে হয়নি বলেই জানান তিনি।


পোশাক ও ব্যক্তিগত উপস্থাপনার ক্ষেত্রেও শালীনতাকে সবসময় গুরুত্ব দেন নুর সিবা। ‘আমি কোনোদিন এমন কিছু পরিনি, যে আমার পরিবার কিছু বলবে। সবসময় শালীনতা বজায় রেখে কাজ করি,’ বলেন তিনি।


ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রেও তার রয়েছে নিজস্ব কিছু নীতি। কোনো ব্র্যান্ডের সঙ্গে কাজ করার আগে পণ্যের মান, তারা কী ধরনের পণ্য বিক্রি করে, ব্র্যান্ডটির গ্রহণযোগ্যতা এবং তাদের ব্র্যান্ডিং—সবকিছু খতিয়ে দেখেন। পছন্দ না হলে অনেক প্রস্তাব ফিরিয়েও দিয়েছেন বলে জানান তিনি।


তার মতে, এই পেশায় টিকে থাকতে হলে শুধু প্রতিভা থাকলেই হবে না, প্রয়োজন কঠোর পরিশ্রমও। ‘প্রতিভা, পরিশ্রম দুইটাই দরকার,’—বলছেন নুর সিবা।


কাজের পথে ভুল হওয়াকেও ইতিবাচকভাবেই দেখেন তিনি। তার মতে, ভুল থাকবেই, আর সেই ভুল থেকেই শেখার সুযোগ তৈরি হয়। সময়ের সঙ্গে নিজের কাজ ও কনটেন্টে বেশ উন্নতি হয়েছে বলেও মনে করেন তিনি।


নতুনদের জন্য নুর সিবার পরামর্শ, ‘কাউকে কপি না করে নিজের আলাদা পরিচয় তৈরি করা, ব্র্যান্ড বুঝে কাজ করা এবং অশ্লীল কাজ না করা।’


অন্যকে অনুসরণ না করে নিজের স্বকীয়তা ধরে রেখে কাজ করাই যে দীর্ঘমেয়াদি সাফল্যের পথ—নিজের অভিজ্ঞতা দিয়ে সেটিই যেন বারবার মনে করিয়ে দিচ্ছেন ব্র্যান্ড প্রমোটার নুর সিবা।



ই-মেইল: kolom24news@gmail.com