২৯ আগস্ট ২০২৬
preview
কালীগঞ্জে জমি দখল, চাঁদাবাজি ও মাদক কারবারের অভিযোগে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাজীপুরের কালীগঞ্জে জমি দখল, চাঁদাবাজি, হামলা, মাদক কারবার, মামলা দিয়ে হয়রানি এবং কৃষিজমি বালু দিয়ে ভরাটের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত ও ভুক্তভোগীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।


আজ শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে প্রবাসী আলমগীর কবিরের ভাই ইকবাল আহমেদ, ভুক্তভোগী বায়েজিদ হাসান শিবলীর ভাই মুজাহিদুল ইসলাম ও আলমগীরের ভাতিজা জাহিদুল ইসলামসহ ভুক্তভোগী ও স্থানীয়রা বক্তব্য দেন।


বক্তারা কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু এবং তাঁর দুই ভাই আনিসুর রহমান রিপন ও সোহেলকে ঘিরে বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন। তাঁদের অভিযোগ, রাজনৈতিক ও স্থানীয় প্রভাব কাজে লাগিয়ে জমি দখল, চাঁদা দাবি, হাট ও নির্মাণকাজ নিয়ন্ত্রণ, কৃষিজমি বালু দিয়ে ভরাট এবং মামলা দিয়ে হয়রানির মতো কর্মকাণ্ড চালানো হচ্ছে।


মানববন্ধনে দুবাইপ্রবাসী আলমগীর কবিরের প্রায় চার বিঘা জমি দখলের অভিযোগও তোলা হয়। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বায়েজিদ হাসান শিবলীকে মারধর ও ইয়াবা দিয়ে পুলিশে সোপর্দ করার অভিযোগের তদন্ত দাবি করেন তাঁর স্বজনরা।


বক্তারা অভিযোগগুলোর সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং অভিযোগকারী-ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তাঁরা প্রধানমন্ত্রীরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।



ই-মেইল: kolom24news@gmail.com