৩ সেপ্টেম্বর ২০২৬
preview
১৮০ দিনের অর্জন তুলে ধরলেন মন্ত্রী

মো. নূর নবী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিগত ১৮০ দিনের বিভিন্ন সাফল্য ও অর্জন তুলে ধরেছেন মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন।


আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে গত ছয় মাসে দুই মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, অবকাঠামোগত অগ্রগতি এবং নাগরিক সেবা সহজীকরণে নেওয়া পদক্ষেপের বিস্তারিত চিত্র তুলে ধরেন তিনি।


সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানের আধুনিকায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে এসব উদ্যোগের সুফল সাধারণ মানুষ পেতে শুরু করেছে।


তিনি জানান, গত ১৮০ দিনে দেশের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, দ্রুতগতির ইন্টারনেট সেবা সম্প্রসারণ, ডাক বিভাগকে ডিজিটাল সেবার আওতায় আনা এবং বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় নতুন গতি সঞ্চারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।


এ ছাড়া টেলিযোগাযোগ ও আইসিটি খাতে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের কার্যক্রমও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।


আগামী দিনের পরিকল্পনা তুলে ধরে ফকির মাহাবুব আনাম স্বপন বলেন, “আমাদের যাত্রা এখানেই শেষ নয়। আগামী দিনগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রোবোটিক্স এবং উন্নত নেটওয়ার্ক অবকাঠামোর মতো উদীয়মান প্রযুক্তির বাস্তবায়নে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে।”


তিনি বলেন, দেশের সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতারও আহ্বান জানান তিনি।


সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী এবং সরকারের ডিজিটাল উন্নয়ন রোডম্যাপ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com