৪ সেপ্টেম্বর ২০২৬
preview
পরিচালক সমিতি ছাড়লেন গাজী মাহবুব

শোবিজ প্রতিবেদক, ঢাকা

‘প্রেমের তাজমহল’ সিনেমা নির্মাণ করে পরিচিতি পাওয়া চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। সমিতির বিভিন্ন কার্যক্রমে অনিয়মের অভিযোগ তুলে সম্প্রতি তিনি লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।


পদত্যাগপত্রে গাজী মাহবুব অভিযোগ করেন, সমিতির বিভিন্ন কার্যক্রমে গঠনতন্ত্র যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। বিশেষ করে সহযোগী সদস্য ও সাধারণ সদস্যপদ দেওয়ার ক্ষেত্রে গঠনতন্ত্রের একাধিক ধারা মানা হয়নি বলে দাবি করেন তিনি।


গাজী মাহবুব অভিযোগ করেন, ২০২৫-২৬ মেয়াদের সমিতির নির্বাচনকে কেন্দ্র করে চলমান মামলা সম্পর্কে কার্যনির্বাহী পরিষদের সভায় তাকে স্পষ্টভাবে অবহিত করা হয়নি। পাশাপাশি রিয়াজুল রিজুর পাঠানো উকিল নোটিশের পর তার করণীয় নিয়েও সমিতির পক্ষ থেকে যথাযথ পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।


এ ছাড়া সমিতির বিভিন্ন অনুষ্ঠান শেষে পরবর্তী কার্যনির্বাহী সভায় আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনের নিয়ম থাকলেও তা যথাযথভাবে মানা হচ্ছে না বলে অভিযোগ করেন গাজী মাহবুব। পারিবারিক মিলনমেলা, প্রীতি ফুটবল ম্যাচসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব সভায় উপস্থাপনে সময়ক্ষেপণ করা হয়েছে বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেন তিনি। এতে সমিতির আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি তার।


কার্যনির্বাহী কমিটির একটি পদ শূন্য হওয়ার পর ওই পদে কো-অপ্ট করা সদস্য মোস্তাফিজুর রহমান বাবুর শপথ পাঠের ক্ষেত্রেও গঠনতন্ত্র অনুসরণ করা হয়নি বলে অভিযোগ করেন গাজী মাহবুব। পাশাপাশি অন্যের পরিচালিত সিনেমা বা নাটককে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সেন্সর করিয়ে সদস্যপদের জন্য আবেদন এবং নিয়ম না মেনে কিছু ব্যক্তিকে সদস্যপদ দেওয়ার অভিযোগও তোলেন তিনি। তার দাবি, এভাবে অনেক ‘ভুয়া পরিচালক’ সদস্যপদ পেয়েছেন।


পদত্যাগের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে গাজী মাহবুব বলেন, ‘বারবার এই অনিয়ম নিয়ে কথা বললেও সুরাহা পাইনি। অনিয়ম করে ভোটার বাড়ানো হচ্ছে, যাকে তাকে সদস্য বানিয়ে দেওয়া হচ্ছে। যে কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছি।’


এ বিষয়ে জানতে চাইলে চলচ্চিত্র পরিচালক রিয়াজুল রিজু বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান বিরোধিতাকারীরা ব্যতীত অন্য কারও সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। বিএফডিসির প্রতিটি মানুষই আমার আত্মার মানুষ।’


তিনি আরও বলেন, ‘জুলাইবিরোধী শক্তি সব জায়গায় সম্মিলিতভাবে চলচ্চিত্র, টেলিভিশন এবং সর্বোপরি রাষ্ট্রকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে প্রতিনিয়ত।’


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com