নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রামে হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়ার (৫২) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে নগরের আমবাগান রেলওয়ে কলোনি এলাকায় তার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, তাকে হত্যা করা হয়েছে।
খুলশী থানার পুলিশ জানায়, মৌসুমী বাসায় একাই থাকতেন। সকালে প্রতিবেশীরা তার বাসার দরজা খোলা দেখতে পান। পরে শয়নকক্ষে বিছানার ওপর উপুড় অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। গলায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, নিজ বাসায় মৌসুমী হিজড়া খুন হয়েছেন- এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com