৭ সেপ্টেম্বর ২০২৬
preview
জমি নিয়ে বিরোধ, ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ গেল বোনের

মো. নূর নবী শেখ

জয়পুরহাটে পৈতৃক সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে আপন তিন ভাইয়ের হামলায় গুরুতর আহত বোন বিলকিস বানু (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে টানা সাত দিন নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) থেকে সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নিহত বিলকিস বানু জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত খয়বর আলীর মেয়ে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, খয়বর আলী বেঁচে থাকা অবস্থায় তার মেয়ে বিলকিস বানুকে ৩৯ শতক জমি দেন। ওই জমিতে বিলকিস বানু চাষাবাদ করতেন। বিলকিসের তিন ভাই রুহুল আমিন, কোরবান আলী ও জয়নাল আবেদীন ওই জমির জন্য তাকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। গত ৩১ আগস্ট সকালে বিলকিস ওই জমিতে যান। সেসময় তার আপন তিন ভাই সেখানে গিয়ে বোনকে গালিগালাজ করেন। এতে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে এক ভাই কোদাল দিয়ে বিলকিস বানুর মাথায় সজোরে আঘাত করেন। এতে তার মাথার খুলি ফেটে রক্তাক্ত অবস্থায় তিনি জমিতে লুটিয়ে পড়েন। এসময় অন্য দুই ভাইয়েরাও তাকে আঘাত করেন।

চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় বিলকিসকে উদ্ধার করেন। এরপর তাকে জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে ওইদিনই আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে টানা এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর আজ সোমবার ভোরে তার মৃত্যু হয়।

ঘটনার পরেরদিন (১ সেপ্টেম্বর) এ ঘটনায় নিহতের ছেলে আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি তার তিন মামাকে আসামি করেছেন। বিলকিস মারা যাওয়ার পর ওই মামলায় হত্যার ঘটনা যুক্ত করেছে পুলিশ।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী ঢাকা পোস্টকে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ওসি বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com