৭ সেপ্টেম্বর ২০২৬
preview
নিখোঁজের ২৬ দিন পর কিশোরের মাথার খুলি ও হাড় উদ্ধার

মো. নূর নবী শেখ

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের ২৬ দিন পর রাশেদুল ইসলাম (১৭) নামে এক কিশোরের মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

রাশেদুল উপজেলার কৃষ্ণমহেশপট্টি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন ফুলপুর উপজেলার কুকাইল এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২৪), ছাবেদ আলী ওরফে মিঠুর ছেলে রফিক ওরফে রফিদ (২৮) এবং মৃত আবদুর রহিমের ছেলে মোজাম্মেল (২৭)।

পুলিশ জানায়, গত ১২ আগস্ট সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর রাশেদুল নিখোঁজ হন। পরদিন ১৩ আগস্ট তার বাবা শাহজাহান মিয়া ফুলপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। ওই রাতেই রাশেদুলের মোবাইল ফোন থেকে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। পরে ২৫ আগস্ট তার বাবা বাদী হয়ে ফুলপুর থানায় অপহরণ মামলা করেন।

তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তের একপর্যায়ে গত ৬ সেপ্টেম্বর নেত্রকোনার শ্যামগঞ্জ থেকে জসিম উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোজাম্মেল হোসেন ও রফিক মিয়াকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জসিমের দেওয়া তথ্য অনুযায়ী রোববার উপজেলার বওলা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের গারোর ভিটা এলাকায় মাটি খুঁড়ে রাশেদুলের মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করা হয়। এ সময় তার পরনের একটি প্যান্ট ও গেঞ্জিও উদ্ধার করা হয়েছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, উদ্ধার করা দেহাবশেষের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। ডিএনএ আলামত সংরক্ষণ এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য দেহাবশেষ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতার তিন আসামির প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে সোমবার আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com