মো. নূর নবী শেখ
বরিশাল নগরীতে দৈনিক সমকাল কার্যালয় থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি থানার এসআই মেহেদি হাসান বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে আমরা পেয়ারা রোডের ওই ভবনের দ্বিতীয় তলায় আসি। সেখানে সমকাল কার্যালয়ে রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ পাওয়া গেছে।
ওই ভবনের দোতলা-তিনতলা মিলিয়ে যুগান্তর, আলোকিত বাংলাদেশসহ আরও কয়েকটি সংবাদমাধ্যমের কার্যালয় রয়েছে।
৫৭ বছর বয়সি পুলক চ্যাটার্জি একসময় সমকালের ব্যুরো প্রধান ছিলেন। ২০২৩ সালের দিকে তাকে অব্যাহতি দেওয়া হয় বলে পরিবার জানিয়েছে। তারপর থেকে তিনি বেকার ছিলেন। পুলক চ্যাটার্জি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসা পুলক চ্যাটার্জির ভাই ভূমি কর্মকর্তা দীপক চ্যাটার্জি বলেন, চাকরি না থাকার কারণে তার ভাই কিছুটা হতাশ ছিলেন। সে কারণেও এটা হতে পারে,বলেন তিনি।
ঘটনাস্থলে থাকা পুলকের স্ত্রী নিলোৎপলা মুখার্জি সাংবাদিকদের বলেন, চাকরি হারানোর পর থেকে তিনি হতাশ ছিলেন। কিন্তু এ কারণে আত্মহত্যা করবেন, সেটা কেউ ভাবিনি।
সমকালের ব্যুরো প্রধান সুমন চৌধুরী সাংবাদিকদের বলেন, কার্যালয়ের একটি বিকল্প চাবি পুলক চ্যাটার্জির কাছে ছিল। তিনি মাঝে মাঝে অফিসে এসে বসতেন।
দৈনিক যুগান্তরের সাংবাদিক এস এম পলাশ বলেন, আমাদের অফিস তিন তলায়। দাদাকে দেখতাম মাঝে মাঝে এখানে এসে বসতেন, পত্রিকা পড়তেন। আজ সন্ধ্যার দিকে সমকালের সাংবাদিক সুমন চৌধুরী এসে বললেন, বৌদি ফোনে পুলক দাদাকে পাচ্ছিলেন না। তাই একটু খুঁজে দেখতে। এরপর তিনি দ্রুত অফিসে আসেন। শুক্রবার বলে অফিস সহকারী দীপক ছিল না। সুমন চৌধুরী এসে দরজা ভেতর থেকে বন্ধ পান। তখন তিনি ফাঁক দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পাওয়ার কথা আমাদের জানান। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com