মো. নূর নবী শেখ
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা দক্ষিণ লোহিত সাগরের আরও দুটি কৌশলগত দ্বীপ দখলে নিয়েছে। এর মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ নৌপথে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করেছে গোষ্ঠীটি। সোমবার ইয়েমেনের সরকারি কর্মকর্তা ও হুতিদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেটার হানিশ ও লেসার হানিশ নামের দ্বীপ দুটি বাব আল-মানদেব প্রণালির কাছে অবস্থিত। গত সপ্তাহে প্রণালির কাছে মূল ভূখণ্ডের মোখা বন্দরনগরী ও মায়ুন দ্বীপ দখলের পর এবার হুতিরা এই দুই দ্বীপের নিয়ন্ত্রণ নিল।
সরকারি দুই কর্মকর্তা ও হুতিদের এক কর্মকর্তা জানান, সরকারপন্থী কয়েক শ সেনা দ্বীপপুঞ্জটি ছেড়ে যাওয়ার পর সেখানে হুতিরা নিজেদের যোদ্ধাদের মোতায়েন করে। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা এসব তথ্য জানান।
বাব আল-মানদেব প্রণালি আন্তর্জাতিক নৌবাণিজ্যের গুরুত্বপূর্ণ একটি পথ। হরমুজ প্রণালির বিকল্প হিসেবে সৌদি আরবের অপরিশোধিত তেলও লোহিত সাগর দিয়ে পরিবহন করা হয়। ফলে এই এলাকায় হুতিদের নিয়ন্ত্রণ বাড়ায় সৌদি তেলবাহী জাহাজগুলোও নতুন করে হুমকির মুখে পড়তে পারে।
হুতিদের সাম্প্রতিক অগ্রগতি ইরানের কৌশলকেও শক্তিশালী করতে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বাড়িয়ে যুক্তরাষ্ট্রের ওপর চাপ তৈরির ক্ষেত্রে তেহরানকে এই অগ্রগতি সুবিধা দিতে পারে। সৌদি আরবের তেল অবকাঠামো ও লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলা অব্যাহত থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও দামের ওপরও চাপ বাড়তে পারে।
গ্রেটার ও লেসার হানিশ দ্বীপ বাব আল-মানদেব প্রণালি থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত। দ্বীপ দুটি দখলের আগে গত সপ্তাহে হুতিরা মোখা বন্দরনগরী ও বাব আল-মানদেবের ভেতরে অবস্থিত মায়ুন দ্বীপ দখল করে।
হুতিদের অগ্রযাত্রায় তারা জিবুতিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি থেকে মাত্র ৩২ কিলোমিটার দূরে চলে এসেছে। বাব আল-মানদেব প্রণালির অপর পাশে রয়েছে জিবুতি।
এদিকে হুতিদের সাম্প্রতিক সাফল্যের পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারপন্থী বাহিনী পাল্টা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। সপ্তাহান্তে সরকারি বাহিনী লড়াইয়ে ফেরার উদ্যোগ নেয়। ইয়েমেনের সামরিক বাহিনী রোববার রাতে জানিয়েছে, তারা প্রণালির উত্তরে কৌশলগত গুরুত্বপূর্ণ দুবাব শহরের দিকে অগ্রসর হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com