মো. নূর নবী শেখ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শ্রমজীবী মানুষের ঘাম ঝরানো উপার্জনে থাবা বসানো নব্য চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকায় এলাকায় জোরালো সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, একজন মানুষ সারাদিন রোদে পুড়ে, ঘাম ঝরিয়ে ৫০০ টাকা আয় করেন। এই টাকাতেই সন্তানের দুধ, স্কুলের খাতা, বৃদ্ধ বাবার ওষুধ। সেখান থেকে ২০০ থেকে ৩০০ টাকা চাঁদাবাজ নিয়ে গেলে শুধু টাকাই যায় না, পরিবারের কোনো একটি প্রয়োজনও সেদিন থেমে যায়। আপনার-আমার কাছে ৫০০ টাকা সামান্য হতে পারে, কিন্তু যার সারাদিনের ঘামের মূল্য এই ৫০০ টাকা, তার কাছে এই টাকাই হাজার কোটি টাকার সমান।
চাঁদাবাজির বহুমুখী চিত্রের কথা তুলে ধরে তিনি লেখেন, দোকান বসাবেন, চাঁদা। ব্যবসা করবেন, চাঁদা। গাড়ি চলবে, চাঁদা। বাড়ি তুলবেন, সেখানেও চাঁদা। আর সেই টাকায় যখন রাজনৈতিক প্রভাব আর ক্ষমতা দেখানো হয়, অপমানটা আরও গভীর হয়। আর এই টাকা শুধু নিচেই থেমে থাকে না, ভাগ ধাপে ধাপে ওপরেও নেতাদের পৌঁছে যায়। চাঁদাবাজি শুধু টাকা কেড়ে নেয় না, মানুষের ঘাম, সন্তানের ভবিষ্যৎ আর বেঁচে থাকার অধিকার কেড়ে নেয়।
পোস্টের শেষাংশে দেশ বাঁচানোর তাগিদ দিয়ে তিনি বলেন, নব্য চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এলাকায় এলাকায় চাঁদাবাজবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন। দেশ তখনই বাঁচবে, যখন একজন বাবা নিজের ঘামের ৫০০ টাকা নিরাপদে সন্তানের জন্য ঘরে নিয়ে যেতে পারবেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com