২২ সেপ্টেম্বর ২০২৬
preview
জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল

মো. নূর নবী শেখ

জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও পরিবহন মালিকদের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সচিবালয়ে সাংবাদিকদের বলেন, সরকারি হিসাব অনুযায়ী প্রতি কিলোমিটারে বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর কথা ছিল। তবে জনস্বার্থ বিবেচনায় ৩ পয়সা কম নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১৭ পয়সা।

তিনি বলেন, ‘মালিকরা বিআরটিএর সঙ্গে বসে এগ্রিমেন্ট করবে। মেট্রোপলিটন কিংবা জেলা— সব জায়গাতেই তারা ৩ পয়সা কম নেবে। আজই হয়তো প্রজ্ঞাপন হবে।’

ভাড়া এক পয়সা বাড়লেও তা জনগণের ওপর বাড়তি চাপ উল্লেখ করে শিমুল বিশ্বাস বলেন, সিদ্ধান্ত হওয়ার আগেই কেউ ভাড়া বাড়িয়ে থাকলে মালিক সমিতি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। প্রশাসনিক ও সমিতিগত— দুইভাবেই বিষয়টি দেখা হবে।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দেয় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সোমবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বনানী কার্যালয়ে এ বিষয়ে বৈঠক হয়। এতে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে প্রতি কিলোমিটারে বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করার প্রস্তাব ছিল। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়।

এ ছাড়া ডিটিসি এলাকায় মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার প্রস্তাব করা হয়।

এর আগে গত রোববার দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন দামে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এগুলো দেশের ইতিহাসে জ্বালানি তেলের সর্বোচ্চ দাম।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com