মো. নূর নবী শেখ
হবিগঞ্জের নবীগঞ্জে মাদ্রাসাছাত্রী শিশুকে (৬) গণধর্ষণের মামলায় দুই আসামিকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামের এলাই মিয়ার ছেলে রাজিব মিয়া (১৭) ও একই গ্রামের শেখ ফরিদ মিয়ার ছেলে শেখ জামাল (১৮)।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) কামাল উদ্দিন আহমেদ সেলিম বলেন, ওই মামলায় সর্বোচ্চ সাজা ১০ বছর হতে পারে; কিন্তু আসামিদের বয়স কম ও একজন অপ্রাপ্ত বয়স্ক। তাই বয়স বিবেচনায় আদালত তাদের তিন বছর করে সাজা দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ১৭ আগস্ট বিকালে স্থানীয় একটি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মাদ্রাসাছাত্রীকে ফুঁসলিয়ে শেখ জামালের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে জামাল ও রাজিব তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়। ঘটনার পর ভিকটিমের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরদিন ভিকটিমের মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় দুইজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে নবীগঞ্জ থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) দুলাল মিয়া চলতি বছরের ৩০ মার্চ দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষ ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। সাক্ষ্য প্রমাণ শেষে বুধবার আসামিদের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com