২৪ সেপ্টেম্বর ২০২৬
preview
‘বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে’: স্বাস্থ্যমন্ত্রী

মো. নূর নবী শেখ

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, ‘বেহেশতের টিকিট বিক্রেতারা আবার ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে।’ জামায়াতকে ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ফ্যাসিস্টরা বলছে ডিসেম্বরে তাদের রানীমা দেশে আসবেন, আর রাজাকাররা বলছে ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে।’

দেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে চিকিৎসাসেবায় দালালদের বিষয়ে সতর্ক করে গর্ভবতী নারীদের অপ্রয়োজনে সিজারিয়ান অপারেশন না করানোর পরামর্শ দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশ বাঁচাতে হলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। সে লক্ষ্যে আগামী মাস থেকে ব্যাপক হারে জনসংখ্যা নিয়ন্ত্রণের পিলসহ অন্যান্য সামগ্রী বিতরণ শুরু করা হবে। পাশাপাশি নরমাল ডেলিভারির জন্য নতুন নতুন ওষুধ ও মেশিন আনা হচ্ছে।’

বিগত সরকারের সমালোচনা করে সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘আওয়ামী লীগ দেশকে পরনির্ভরশীল রাখার জন্য নতুন একটি গ্যাসকূপও খনন করেনি।’

তিনি জানান, বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে দ্রুত বঙ্গোপসাগরে গ্যাসকূপ খননের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে দেশে জ্বালানি ও বিদ্যুতের ঘাটতি পূরণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com