মো. নূর নবী শেখ
বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া সাঈফ (৯) ও রোহান (৮) নামের দুই শিশুর লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কামরাঙ্গীরচর এলাকার একটি নদীর ঘাটের কচুরিপানা থেকে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়।নৌ-পুলিশের বরিসুর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সাঈফ কামরাঙ্গীরচরের রহমতবাগ এলাকার নুর নবীর ছেলে এবং রোহান একই এলাকার মো. সোহেলের ছেলে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তারা বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজি ও এলাকায় মাইকিং করেও তাদের কোনো সন্ধান পাননি।
বৃহস্পতিবার সকালে বুড়িগঙ্গার তীরে শিশুদের স্যান্ডেল দেখতে পান স্বজনরা। পরে নদী ও আশেপাশের কচুরিপানার মধ্যে তল্লাশি চালিয়ে দুই শিশুর ভাসমান লাশ পাওয়া যায়।
এসআই মো. আনোয়ার হোসেন জানান, শিশু দুটির কেউই সাঁতার জানত না। নদীর পানিতে ভাসমান বাঁশের ভেলা আনতে গিয়ে তারা ডুবে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্বজনরা। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com