২৭ সেপ্টেম্বর ২০২৬
preview
কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই সামরিক কর্মকর্তাসহ নিহত ১৪

মো. নূর নবী শেখ

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

নিহত দুই সামরিক কর্মকর্তা হলেন সামরিক আদালতের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুতোম্বো কাতালাইয়ে তিয়েন্দে এবং সশস্ত্র বাহিনীর অডিটর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বাকুমি লিকুলিয়া।

কঙ্গোলিজ সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেঙ্গে এক বিবৃতিতে বলেন, ‘দুই জেনারেল কর্মকর্তার পাশাপাশি প্রতিনিধিদলের ১২ সদস্য ও উড়োজাহাজের ক্রুরাও এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।’

স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, উড়োজাহাজটি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিকউইট শহর থেকে রাজধানী কিনশাসার দিকে ফিরছিল। পথে কারিগরি ত্রুটি দেখা দিলে সেটি কেনজে বিধ্বস্ত হয়। এতে উড়োজাহাজে থাকা সবাই নিহত হন।

সামরিক মুখপাত্র এফোমি একেঙ্গে বলেন, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ত্রিফন কিন-কিয়েই মুলুম্বাও জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

কঙ্গোর পূর্বাঞ্চলে গত বছর থেকে কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে দেশটির সামরিক বাহিনী। এসব গোষ্ঠীর মধ্যে রুয়ান্ডার সমর্থনপুষ্ট এম২৩ বিদ্রোহীরাও রয়েছে। ধারাবাহিক হামলার পর বিদ্রোহীরা ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ কয়েকটি শহর দখল করে নেয়।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com