মো. নূর নবী শেখ
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পদযাত্রা ঘিরে ইসলামাবাদে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেওয়া, জনসমাবেশ নিষিদ্ধ এবং বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েনের কারণে কার্যত স্থবির হয়ে পড়েছে শহরটি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পিটিআই নেতারা আলোচনা করেন, আগামী রোববার থেকে ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা শুরু করা হবে কি না। দলের একাংশ রোববার থেকেই ধীরে ধীরে রাজধানীর দিকে অগ্রসর হওয়ার পক্ষে মত দিলেও অন্যরা কর্মসূচি আগামী সপ্তাহ পর্যন্ত পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন।
ইমরান খান ২০২৩ সালে দুর্নীতির মামলায় কারাদণ্ড পাওয়ার পর থেকে কারাগারে রয়েছেন। তার কারাবাসের পরিবেশ, চিকিৎসা এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে পিটিআই। দলটির দাবি, তাকে একাকী রাখা হয়েছে এবং কয়েক মাস ধরে তার চিকিৎসা ও স্বজনদের সঙ্গে যোগাযোগ সীমিত করা হয়েছে।
খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি বলেছেন, ইমরান খানের কারাগারের পরিস্থিতির উন্নতি এবং মামলাগুলোতে ন্যায্য শুনানির সুযোগ নিশ্চিত না হলে তারা পদযাত্রা করবেন।
পিটিআইয়ের অভিযোগ, বিক্ষোভ ঠেকাতে সরকার ইসলামাবাদ অবরুদ্ধ করেছে এবং দলের নেতাদের আটক করছে। ইতিমধ্যে কয়েক ডজন নেতা ও সাবেক মন্ত্রীকে আটক করা হয়েছে। গত সোমবার ইমরান খানের তিন বোনকেও আটক করা হয়।
রাজধানীতে প্রায় ২২ হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। সড়ক বন্ধ করতে বসানো হয়েছে এক হাজারের বেশি কনটেইনার। খাইবার পাখতুনখাওয়াতেও অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন এবং পেশোয়ার-ইসলামাবাদ মহাসড়কের অংশবিশেষ বন্ধ করা হয়েছে।
আগের বিক্ষোভে পিটিআই সমর্থকদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ হয়েছিল। এবারও বড় জমায়েত হলে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com