২৭ সেপ্টেম্বর ২০২৬
preview
চট্টগ্রামে বিদেশি পিস্তল ও গুলিসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

মো. নূর নবী শেখ

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে হাটহাজারী মডেল থানার ধলই ইউনিয়নের এনায়েতপুর বাজার সংলগ্ন পশ্চিম ধলই এলাকার কদল মোহল চৌধুরী বাড়িতে অভিযান চালিয়ে নাছিরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাছির উদ্দীন ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় চট্টগ্রাম জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে নাছির উদ্দীনের বসতঘরে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। সেখানে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে নাছিরের শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় ঘরের স্টিলের ওয়ারড্রপের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড ৭.৬৫ মিমি পিস্তলের গুলি উদ্ধার করা হয়। পরে একই ঘরের স্টিলের আলমারির নিচের ড্রয়ার থেকে একটি ওয়ান শুটারগান (এলজি) এবং ৭ রাউন্ড তাজা শটগানের কার্তুজ জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নাছির উদ্দীন পুলিশকে জানান, তার বন্ধু রাউজান উপজেলার বাসিন্দা মো. তৈয়ব (৪৫) প্রায় তিন-চার মাস আগে বিদেশে যাওয়ার সময় এসব অস্ত্র ও গোলাবারুদ তার হেফাজতে রেখে যান। দেশে ফিরে অস্ত্রগুলো ফেরত নেওয়ার কথা ছিল।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল জানান, অবৈধভাবে অস্ত্র ও গোলাবারুদ নিজ দখলে রাখার অভিযোগে নাছির উদ্দীন ও পলাতক মো. তৈয়বের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামি তৈয়বকে গ্রেপ্তার এবং উদ্ধার অস্ত্রের মূল উৎস ও সহযোগীদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com