২৭ সেপ্টেম্বর ২০২৬
preview
নাশকতা মামলার আসামিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াত নেতাসহ আটক ৮

মো. নূর নবী শেখ

কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় আটক এক আসামিকে থানা থেকে ছাড়িয়ে নিতে তদবির করতে গিয়ে জামায়াতের এক নেতা ও দুই বিএনপি কর্মীসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে মিরপুর থানায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন—চিথলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামাণিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০), বাদল প্রামাণিক (৫০), বিএনপি নেতা মেহেরুল ইসলাম (৪৫) এবং বিএনপি সমর্থক শহীদুল ইসলাম (৫৩)।

মিরপুর থানা পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে নাশকতা মামলায় আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, হাফিজুর রহমানকে আটকের খবর পেয়ে রাত ২টার দিকে চিথলিয়া ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি থানায় আসেন। তারা হাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের কাছে তদবির ও চাপ দিতে থাকেন। তাদের বারবার নিষেধ করা সত্ত্বেও তারা একই কাজ করতে থাকেন। পরবর্তীতে তাদের আটক করে রাখা হয়।

মিরপুর উপজেলা জামায়াতে ইসলামের আমির রেজাউল করিম ঢাকা পোস্টকে জানান, চিথলিয়া চার নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলাম থানায় যেয়ে তদবিরের বিষয়ে আমি অবগত হয়েছি।

তদবিরে ছাড়াতে যাওয়াই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্ন জবাবে তিনি বলেন, তার বিষয়ে কেন ব্যবস্থা নেব? যাকে ছাড়াতে আমির গেছেন তিনি জামায়াতের কর্মী। ২০২৩ সাল থেকে তিনি জামায়াত করেন। যারা ভুল স্বীকার করে বিএনপি, আওয়ামী লীগ ও জাসদ থেকে জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছে থানা পুলিশ আটক করছে আর আওয়ামী লীগের নাম দিয়ে চালিয়ে দিচ্ছে। তাদের ছাড়াতে জামায়াতের লোকজন গেলে তখন তাদের আটক করে তদবির করতে এসে আটক বলে চালিয়ে দিচ্ছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, নিষেধ করার পরও তারা বারবার নাশকতা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার জন্য তদবির করতে থাকেন। একপর্যায়ে তাদের আটক করা হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com