মো. নূর নবী শেখ
মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত এবং এটি পুনর্নির্মাণ করে পুনরায় স্বাস্থ্যসেবা চালু করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলে, এটি কাউকে দখল করতে দেওয়া হবে না।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নেতাকর্মীদের নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। এ সময় তিনি ভাঙচুরে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ধ্বংসস্তূপের মধ্যেও চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যকেন্দ্রের সামনে টানানো ‘সমমনা দোকানদার সমিতি’র সাইনবোর্ড অপসারণ করেন এনসিপির নেতাকর্মীরা।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মা ও শিশুদের চিকিৎসা, টিকাদানসহ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা দিয়ে আসা একটি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের ওষুধ, টিকা, ইনজেকশন ও চিকিৎসা সরঞ্জামও লুট করা হয়েছে।
আসিফ মাহমুদের অভিযোগ, ঘটনার সঙ্গে বিএনপির একজন এমপি, সিটি করপোরেশনের প্রশাসক ও স্থানীয় পুলিশ সদস্যদের সংশ্লিষ্টতা রয়েছে। তিনি এটিকে রাষ্ট্রের কয়েকটি প্রতিষ্ঠানের ‘সংগঠিত অপরাধ’ এবং ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লুটতরাজ’ বলে দাবি করেন।
ঘটনার সময় পুলিশ সেখানে উপস্থিত থাকলেও ভাঙচুর শুরু হওয়ার পর সেখান থেকে চলে যায় বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, ঘটনা শেষ হওয়ার পর পুলিশ সেখানে পরিদর্শনে আসে। এ ঘটনায় জড়িতদের পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
আসিফ মাহমুদ বলেন, দ্রুত বিচার ও ব্যবস্থা নেওয়া না হলে এ ঘটনার দায় সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বর্তাবে বলে তারা মনে করবেন।
তিনি আরও বলেন, ‘রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না। ধ্বংসস্তূপের মধ্যেই মা ও শিশুদের চিকিৎসা দেবেন স্বাস্থ্যকর্মীরা।’
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দ্রুত নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান আসিফ মাহমুদ। একই সঙ্গে ক্ষয়ক্ষতির যথাযথ মূল্যায়ন করে স্বাস্থ্যকেন্দ্রটি পুনর্নির্মাণ এবং দ্রুত সেখানে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর আহ্বান জানান তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com