মো. নূর নবী শেখ
ফেনীর পরশুরাম উপজেলায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়) প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রকল্পটির উদ্বোধনসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে ফেনী সফর করবেন তিনি।
প্রধানমন্ত্রীর ফেনী সফরটি এর আগে ১৭ সেপ্টেম্বর নির্ধারিত থাকলেও পরে তা স্থগিত করা হয়। নতুন সূচি অনুযায়ী ১ অক্টোবর তিনি ফেনী সফর করবেন।
গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়) প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের আওতায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ, নদী ও জলাধার পুনঃখনন এবং সেচ অবকাঠামো সংস্কারের কাজ করা হবে।
প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি দেখতে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ফেনী পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি পরশুরামের ঘাটঘর ব্রিজসংলগ্ন মুহুরী নদীর তীরের প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং প্রস্তুতির বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে প্রকল্পটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। পরে তিনি ফুলগাজীতে গিয়ে কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে যাবেন। সেখানে বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। একই সফরে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সরকারি দপ্তরে স্থাপিত মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌর প্যানেল উদ্বোধন করবেন তিনি। এরপর ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় বিশ্রাম ও নামাজ আদায় করবেন।
বিকেলে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম ও পুরোহিতদের সম্মানী ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফেনীতে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। অনুষ্ঠানস্থলগুলোকে রেড, ইয়েলো ও হোয়াইট—এই তিনটি জোনে ভাগ করে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। এসএসএফের পাশাপাশি পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি নিয়ে রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে জনসভাস্থল তৈরির কাজ চলছে। মঞ্চ, উদ্বোধনী ফলক ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজ এগিয়ে চলছে। জনসভায় অংশ নেওয়া মানুষের জন্য বিশুদ্ধ পানি, পোর্টেবল টয়লেটসহ স্যানিটেশন ব্যবস্থারও প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে ফেনী-পরশুরাম প্রধান সড়কের কয়েকটি অংশে মেরামত ও সংস্কারকাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। পাশাপাশি পরশুরাম-সুবার বাজার সড়কের জনসভাস্থলসংলগ্ন এলাকাতেও প্রয়োজনীয় সংস্কারকাজ চলছে। ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে চলছে সৌন্দর্যবর্ধনের কাজ।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও প্রত্যাশা তৈরি হয়েছে। বন্যা ও নদীভাঙনের স্থায়ী সমাধানের পাশাপাশি ফেনীতে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, লালপুলে আন্ডারপাস নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জেলার যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে কার্যকর পদক্ষেপের আশা করছেন তারা।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com