৩০ সেপ্টেম্বর ২০২৬
preview
মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে, যা বললেন স্কালোনি

মো. নূর নবী শেখ

বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে নিজের শেষ ম্যাচ খেলবেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তার আগে লিওনেল স্কালোনির দলের আরও দুটি প্রীতি ম্যাচ রয়েছে। এসব ম্যাচে মেসির আইকনিক ১০ নম্বর জার্সি কেউ পরবেন না বলে জানিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ, তবে ভবিষ্যতে অন্য কেউ সেটি পরতে পারে বলে তিনি সম্ভাবনা দেখছেন। একইসঙ্গে আলবিসেলেস্তেদের কোচ পদে চুক্তির মেয়াদ বৃদ্ধি নিয়ে কথা বলেছেন স্কালোনি।

আগামীকাল (বৃহস্পতিবার) কর্দোবার কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর বুরকিনা ফাসো এবং বেনিনের বিপক্ষে তাদের ম্যাচ রয়েছে। তবে মেসি-পরবর্তী সময় নিয়েও ভাবতে হচ্ছে স্কালোনি। ৩৯ বছর বয়সী এই মহাতারকার জায়গা পূরণের বিশাল চ্যালেঞ্জ সামনে থাকলেও বাস্তববাদী আর্জেন্টাইন কোচ, ‘আমরা অন্যভাবে খেলার পথ খুঁজে নেব।’

বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘এই ম্যাচগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য। তবে আমাদের মূল খেলার ধরন বল দখলে রাখাকে কেন্দ্র করেই থাকবে। সেখানে আমরা কীভাবে মানিয়ে নিই তা দেখা যাবে।’ এ ছাড়াও তিনি মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজকে একসঙ্গে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে এই দুই স্ট্রাইকারকে একসঙ্গে খেলানো থেকে বিরত ছিলেন স্কালোনি।

স্কালোনি সম্ভাব্য একাদশ নিশ্চিত না করলেও ধারণা করা হচ্ছে, স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে খেলা বেশিরভাগ ফুটবলারই বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবেন। সেই ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে হেরেছিল। একইসঙ্গে স্কালোনি নিশ্চিত করেছেন, আপাতত কেউই ১০ নম্বর জার্সি পরবেন না। ২০২২ বিশ্বকাপের ট্রফি জেতার সময় এবং আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচের ক্যারিয়ারের বেশিরভাগ সময় ওই জার্সিই পরেছেন মেসি।

৭ অক্টোবর বুয়েন্স আয়ার্সে বেনিনের বিপক্ষে ম্যাচে জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি। তবে আন্তর্জাতিক বিরতির প্রথম দুই ম্যাচে তিনি খেলবেন না। ভবিষ্যতে তার ১০ নম্বর জার্সি অন্য কারও পরার সম্ভাবনা রেখে স্কালোনি জানিয়েছেন, ‘এই ম্যাচগুলোতে আমাদের ১০ নম্বর জার্সি কাউকে দেওয়ার বাধ্যবাধকতা নেই। তাই লিও’র বিদায়ী ম্যাচ পর্যন্ত আমরা এটি কাউকে দেব না। শেষ পর্যন্ত অবশ্যই কেউ এই জার্সি পরবে, কারণ এটি পরা বিশেষ সম্মানের। তবে এখনও আমরা ঠিক করিনি কে পরবে।’

আগে ধোঁয়াশা থাকলেও সম্প্রতি আর্জেন্টিনার সঙ্গে ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া স্কালোনি নতুন চুক্তির আলোচনায় বসেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই ইচ্ছাটা (কোচ হিসেবে থাকার) আছে। আমাকে একবার পেছনে সরে দাঁড়াতে হয়েছে, নতুন করে মূল্যায়ন করতে হয়েছে এবং আর্থিক বিষয়গুলোর পাশাপাশি খেলাধুলার দিকটিও গভীরভাবে দেখতে হয়েছে। সামনে কী আছে সেটাও বিশ্লেষণ করতে হয়েছে। শেষ পর্যন্ত আমরা ভবিষ্যৎ নিয়ে উচ্ছ্বসিত এবং সেই অভিন্ন আগ্রহই আমাদের একটি সমঝোতার পথে নিয়ে গেছে।’

১৯ জুলাই বিশ্বকাপের ফাইনালে হারের পর স্কালোনি পদত্যাগ করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিলেন। তবে সম্প্রতি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠক করেছেন তিনি। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ানোর বিষয়ে সেখানে আলোচনা হয়েছে। ২০৩০ সালের বিশ্বকাপের সহ-আয়োজক আবার আর্জেন্টিনা। যদিও কেবল একটি ম্যাচ হবে সেখানে। টুর্নামেন্টের বড় অংশ হবে স্পেন-মরক্কো ও পর্তুগালে।

মেসি-পরবর্তী সময়েও আর্জেন্টিনা একই মানসিকতা নিয়েই লড়বে বলে প্রত্যাশা স্কালোনির, ‘আমরা সব সময় প্রতিদ্বন্দ্বিতা করব– এ বিষয়ে আমি নিশ্চিত। আর সে কারণেই আমি থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমরা যে প্রতিভাগুলো উঠে আসছে এবং তাদের এখানে থাকার যে ক্ষুধা তা দেখতে পাচ্ছি। এই আন্তর্জাতিক বিরতির জন্য একজন খেলোয়াড়ও ডাক পাওয়ার পর আসতে অস্বীকৃতি জানায়নি, যা দারুণ একটি লক্ষণ। আমরা যে কারও বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব এবং উচ্চ পর্যায়ে পারফর্ম করব যে তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই।’


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com