মো. নূর নবী শেখ
দীঘির ‘বিদায়’ নিয়ে দর্শকদের অপেক্ষা আরও বাড়ল। শারদীয় দুর্গাপূজায় মুক্তির গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত এবারের পূজায় প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত সিনেমা ‘বিদায়’ মুক্তি পাচ্ছে না। সিনেমাটির একটি গানের শুটিং এখনো বাকি থাকায় মুক্তির পরিকল্পনা পিছিয়ে দেওয়া হয়েছে।
গত বছর দুর্গাপূজায় মুক্তির কথা ছিল মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বিদায়’-এর। তবে পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ না হওয়ায় তখন সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। এরপর চলতি বছরের কোরবানির ঈদে এটি মুক্তির পরিকল্পনা করেছিলেন পরিচালক। কিন্তু সে সময় প্রযোজক শাহরিন আক্তার সুমি মুক্তির বিষয়ে সম্মতি দেননি।
এরপর সেপ্টেম্বরের শুরুতে নতুন করে গুঞ্জন ছড়ায়, এবারের দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে আসছে ‘বিদায়’। তবে মুক্তির আগমুহূর্তে সিনেমাটির প্রচার-প্রচারণা শুরু না হওয়ায় সেই গুঞ্জন নিয়ে তৈরি হয় সংশয়। শেষ পর্যন্ত প্রযোজক নিজেই জানালেন, পূজায় মুক্তি পাচ্ছে না সিনেমাটি।
বিষয়টি নিশ্চিত করে শাহরিন আক্তার সুমি বলেন, ‘সিনেমাটি দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে না। আগামী বছরের কোনো একসময় মুক্তি দেওয়া হবে। একটি গানের শুটিং এখনো বাকি। দেশের বাইরে শুট করব গানটি।’
এর আগে জানা গিয়েছিল, ‘বিদায়’ সিনেমার কিছু অংশের শুটিংও বাকি রয়েছে। সেই কাজও কয়েক মাস ধরে ঝুলে আছে। কেন এতদিনেও শুটিং শেষ করা হয়নি—জানতে চাইলে প্রযোজক বলেন, ‘সিনেমাটি দুর্গাপূজায় মুক্তি দেওয়ার পরিকল্পনা থাকলেও তা হচ্ছে না। তাই শুটিং নিয়ে তাড়াহুড়া করিনি। যেহেতু আগামী বছরই আসবে, তাই যে কোনো সময় শুটিং করা যাবে।’
মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বিদায়’ সিনেমাতে অভিনয় করেছেন বাপ্পারাজ, প্রার্থনা ফারদিন দীঘি, ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com