৪ অক্টোবর ২০২৬
preview
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি আটক

মো. নূর নবী শেখ

চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি শাহিনুর আলমকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

আজ রবিবার দুপুরে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নেয়ামুল হালিম খান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে খিলক্ষেত এলাকা থেকে এসআরবি-১-এর একটি দল শাহিনুর আলমকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন বলেন, চাঁদাবাজির অভিযোগে এসআরবি শাহিনুরকে আটক করে দুপুরে থানায় হস্তান্তর করে। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিন্টো রোডের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশের নথি অনুযায়ী, শাহিনুর আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে খিলক্ষেত বাজার রেলগেট, বারুয়া, মাস্তুল, তালনা ও আশপাশের এলাকার অটোরিকশার গ্যারেজ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। এসব এলাকায় প্রায় ৩০ থেকে ৩৫টি অটোরিকশার গ্যারেজ রয়েছে। এসব গ্যারেজে এক হাজারের বেশি যানবাহন রাখা হয় বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

নথিতে আরও বলা হয়েছে, ওই চক্র প্রতিটি অটোরিকশা থেকে মাসে ৬০০ টাকা করে চাঁদা আদায় করত বলে অভিযোগ রয়েছে।

শাহিনুর আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিম খান বলেন, গ্যারেজগুলো থেকে চাঁদা আদায়ের সঙ্গে শাহিনুরের জড়িত থাকার অভিযোগের বিষয়ে এসআরবির কাছে তথ্য ছিল। তিনি বলেন, শাহিনুর তালিকাভুক্ত চাঁদাবাজ।

রেলওয়ের জমি দখলের অভিযোগ

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, প্রায় ২০ বছর আগে খিলক্ষেত এলাকায় এক্সপ্রেসওয়ের নিচে রেলওয়ের জমি একটি প্রতিষ্ঠান ৯৯ বছরের জন্য ইজারা নেয়। সম্প্রতি শাহিনুরের ইন্ধনে ওই জমি একটি চক্র ওয়েলফেয়ার সোসাইটির নামে দখল করে নেয় বলে অভিযোগ রয়েছে।

পরে জায়গাটিকে খেলার মাঠ হিসেবে ঘোষণা করা হয়। সম্প্রতি সেখানে ভবন ও ওয়াশরুম নির্মাণের কাজও শুরু করা হয়েছিল। এর মধ্যেই আজ শাহিনুর আলমকে আটক করা হলো।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com