মো. নূর নবী শেখ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মো. আ. জসিম উদ্দিনের সদস্য পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।
মঙ্গলবার (৬ অক্টোবর) দলের দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, জসিম উদ্দিনের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দলের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের নির্দেশে তার সদস্য পদ স্থগিত করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, অভিযোগের বিষয়ে জসিম উদ্দিনকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে লিখিত বক্তব্য দলের কেন্দ্রীয় দফতরে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে বা জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
জসিম উদ্দিন গণঅধিকার পরিষদের কুমিল্লা জেলা শাখার সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে তিনি বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে নির্বাচন করেন।
ওই নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনি ঐক্যের সমর্থনে এনসিপির শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন হাসনাত আবদুল্লাহ। তিনি ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দিন পান ৪৯ হাজার ৮৮৫ ভোট।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com