মো. নূর নবী শেখ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আসামিপক্ষের আইনজীবী শিশির মনির এবং জামায়াত-শিবিরের ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের প্রশংসা করেছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে রাশেদ খাঁন এসব মন্তব্য করেন।
রাশেদ খাঁন তার পোস্টে লেখেন, আবরার ফাহাদকে শিবির তকমা দিয়ে হত্যা করা হলে এর বিচারের দাবিতে তৎকালীন ডাকসুর ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল বের হয়েছিল। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আন্দোলন-সংগ্রামে নুরুল হক নুরকে তিনি ‘অগ্নিপুরুষ’ হিসেবে উল্লেখ করেন।
আসামিপক্ষের আইনজীবী শিশির মনিরকে নিয়ে রাশেদ খাঁন লেখেন, ‘শিশির মনিররা ছিলেন আবরার ফাহাদের খুনি ছাত্রলীগের পক্ষের কাপুরুষ।’ একই সঙ্গে তিনি দাবি করেন, ‘ছাত্রশিবির তখন ছাত্রলীগ হয়ে বেঁচে ছিল।’
রাশেদ খাঁনের ভাষ্য, সবাই যদি নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য ওইভাবে নীরব থাকতেন, তাহলে আবরার ফাহাদ হত্যার পর প্রতিবাদ করার জন্য রাস্তায় কাউকে পাওয়া যেত না।
জামায়াত-শিবিরের বর্তমান নেতৃত্ব নিয়েও মন্তব্য করেন তিনি। রাশেদ খাঁন দাবি করেন, আন্দোলনের কঠিন সময়ে বর্তমান শিবিরের ভিপি-জিএসদের কোনো দৃশ্যমান অস্তিত্ব ছিল না। তার অভিযোগ, তারা হল ও বিভাগ পর্যায়ে ছাত্রলীগের নেতা হিসেবে ছিলেন।
নুরুল হক নুরের রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে রাশেদ খাঁন বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নুরুল হক নুরের যে অবদান রয়েছে, পুরো জামায়াত-শিবিরের সেই অবদান নেই। ২০১৮ থেকে ২০২৪ সালের আন্দোলন-সংগ্রামের কঠিন সময়ে নুরকে তিনি ‘অপ্রতিদ্বন্দ্বী তরুণ নেতৃত্ব’ বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জামায়াত-শিবির থেকে আরও অনেক নেতা তৈরি হলেও নুরুল হক নুরের একশ ভাগের এক ভাগও হওয়া সম্ভব নয়। নুরুল হক নুরকে তিনি ‘সাহসের কলিজা’ বলেও মন্তব্য করেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে শেরেবাংলা হলের একটি কক্ষে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তৎকালীন ছাত্রলীগের একাধিক নেতাকর্মী আসামি হন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com