৯ অক্টোবর ২০২৬
preview
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা

মো. নূর নবী শেখ

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি দায়ের করেন এনসিপি কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর কুষ্টিয়ার ঐতিহ্যবাহী লালন শাহের মাজার পরিদর্শনে আসেন। মাজার পরিদর্শন ও লালনের গান শোনা শেষে রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে মাজারের মূল ফটক দিয়ে বের হওয়ার সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা তাদের ওপর হামলা চালান।

এজাহারে বলা হয়, হামলাকারীদের মধ্যে একজন নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম ও পাথর নিক্ষেপ করেন। এরপর অন্যদের উদ্দেশ্যে ‘আজ শেষ করে ফেল’ বলে উসকানি দেন। পরে হামলাকারীরা লাঠি, বাঁশ, পাইপ, বাটাম, লোহার রড, পাথরসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর এলোপাতাড়ি হামলা ও মারধর করেন। এতে কয়েকজন আহত হন।

এজাহারে আরও বলা হয়, হামলা থেকে বাঁচতে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির নেতাকর্মীরা মাজারের ভেতরে প্রবেশ করেন। তবে হামলাকারীরা তাদের পিছু নিয়ে মাজারের ভেতরেও ধাওয়া করেন এবং হামলার চেষ্টা অব্যাহত রাখেন। একপর্যায়ে নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিরাপদে বের হতে বাধা দেওয়ার উদ্দেশ্যে তার ব্যবহৃত গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দা, এনসিপির নেতাকর্মী ও উপস্থিত অন্য ব্যক্তিরা তাদের রক্ষায় এগিয়ে এলে হামলাকারীরা মাজার থেকে বের হয়ে মূল ফটকে অবস্থান নেন। সেখানে তারা বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন। পরে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি ও পুলিশের সহায়তায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্যরা নিরাপদে মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন।

এতে আরও বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারীকে দেশের বিভিন্ন স্থানে আক্রমণের পূর্বপরিকল্পনার অংশ হিসেবে পরস্পর যোগসাজশে এ হামলা চালানো হয়ে থাকতে পারে বলেও এজাহারে উল্লেখ করা হয়।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, গত বুধবার (৭ অক্টোবর) মামলা হয়েছে। এ ঘটনায় কাউকে এখনো গ্রেফতার করা হয়নি। আসামিদের শনাক্ত ও গ্রেফতার করতে কাজ করছে পুলিশ।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com