মো. নূর নবী শেখ
দীর্ঘ বিরতি শেষে আবারও সংগীতে ফিরলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী ও নির্মাতা কুসুম শিকদার। তাঁর নতুন মৌলিক গান ‘প্রবল ঘোর’ প্রকাশিত হয়েছে শুক্রবার (৯ অক্টোবর)। গানটি প্রকাশের পর থেকেই ভক্ত-শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর গানে ফিরলেন এই শিল্পী।
এর আগে ২০১৭ সালে কুসুম শিকদারের আলোচিত গান ‘নেশা’ প্রকাশিত হয়েছিল। এরপর নতুন মৌলিক গান নিয়ে আর হাজির হননি তিনি। দীর্ঘ অপেক্ষার পর ‘প্রবল ঘোর’ নিয়ে তাঁর প্রত্যাবর্তন তাই সংগীতপ্রেমীদের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে।
গানটির ভিডিও ধারণ করা হয়েছে কক্সবাজারের সমুদ্রসৈকতসহ বিভিন্ন মনোরম স্থানে। এতে কুসুম শিকদারের সঙ্গে মডেল হিসেবে অভিনয় করেছেন শের শাহ রাসেল। নকুল সরকারের পরিচালনায় ভিডিওটি নির্মিত হয়েছে প্রহর ডাঙ্গা পিকচার্সের ব্যানারে। গানটি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।
‘প্রবল ঘোর’ তৈরির পেছনের গল্পও জানিয়েছেন কুসুম শিকদার। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০২০ সালে করোনাভাইরাস মহামারির শুরুর দিকে গানটির কথা লিখেছিলেন তিনি। ওই সময়েই গানটির অডিও রেকর্ডিং সম্পন্ন হয়। তবে নানা কারণে ভিডিও নির্মাণ ও প্রকাশে দীর্ঘ সময় লেগে যায়।
এর মধ্যে নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘শরতের জবা’ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন কুসুম। ২০২৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটি তাঁর নির্মাতা হিসেবে পথচলায় গুরুত্বপূর্ণ সংযোজন। সেই ব্যস্ততার কারণেও গানটির ভিডিও প্রকাশ পিছিয়ে যায়। শেষ পর্যন্ত শ্রোতাদের আগ্রহ ও উৎসাহে গানটি প্রকাশের সিদ্ধান্ত নেন তিনি।
মাহমুদ সানির সুর ও সংগীতায়োজনে তৈরি ‘প্রবল ঘোর’ দিয়ে চেনা গণ্ডির বাইরে ভিন্নধর্মী সংগীতের স্বাদ দিতে চেয়েছেন এই শিল্পী। এর আগে নকুল সরকারের পরিচালনায় রবীন্দ্রসংগীত ‘তুমি কোন কাননের ফুল’ গেয়েছিলেন তিনি।
সংগীতে ফেরার পাশাপাশি নতুন চলচ্চিত্র নিয়েও পরিকল্পনা রয়েছে কুসুমের। আগামী বছরের শুরুর দিকে নিজের দ্বিতীয় সিনেমার শুটিং শুরু করার কথা জানিয়েছেন তিনি। ফলে গান ও চলচ্চিত্র, দুই মাধ্যমেই তাঁকে নতুনভাবে পাওয়ার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com