মো. নূর নবী শেখ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল থেকে রোববার (১১ অক্টোবর) সকাল পর্যন্ত উপজেলার তিনটি ইউনিয়নে এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই শিশু একই পরিবারের সদস্য।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়। তারা ওই গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে ফুয়াদ (৭) ও আরাফাত (৬)।
একই পরিবারের দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। তবে কীভাবে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আশুজিয়া ইউনিয়নের আশুজিয়া গ্রামে আব্দুল কাদির (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, আব্দুল কাদির দীর্ঘদিন ধরে কিডনির সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
একই দিন রাত ১০টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের উত্তর রাজনগর গ্রামে হামিদা আক্তার (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মো. কাশেম আলীর স্ত্রী। তাঁর মৃত্যুর পরিস্থিতিও পুলিশের তদন্তাধীন রয়েছে।
ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, আব্দুল কাদির ও হামিদা আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁদের মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
অন্যদিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া দুই শিশু ফুয়াদ ও আরাফাতের মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পৃথক এসব মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কেন্দুয়া থানা-পুলিশ।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com