১৩ অক্টোবর ২০২৬
preview
ফিরছে অর্ষার ‘ফেউ’, আসছে দ্বিতীয় সিজন

মো. নূর নবী শেখ

এ বছরেই আসতে যাচ্ছে আলোচিত অভিনেত্রী অর্ষা অভিনীত ওয়েব সিরিজ ‘ফেউ’-এর দ্বিতীয় সিজন। নির্মাতা সুকর্ণ সাহেদ ধীমান ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি সূত্রে বিষয়টি জানা গেছে।

এ প্রসঙ্গে নির্মাতা সুকর্ণ সাহেদ ধীমান বলেন, ‘আমি নিজেও অপেক্ষায় আছি ফেউ সিরিজের বাকি অংশের জন্য। এই বছরে আমরা ফেউ-এর সম্পূর্ণটা রিলিজ দিতে চাই। কিন্তু পুরো পরিকল্পনাটা এখনও অফিসিয়ালি কনফার্ম হয়নি। কনফার্ম হলে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।’

ফেউ সিরিজের দ্বিতীয় সিজন নিয়ে জানতে যোগাযোগ করলে চরকি কর্তৃপক্ষ জানায়, এ বছরেই সিরিজটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে তারা। এ নিয়ে চলছে আলোচনা। শিগগির এ নিয়ে আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

১৯৭৯ সালে ঘটা মরিচঝাঁপি হত্যাকাণ্ডের ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘ফেউ’। প্রথম সিজনে দেখা গিয়েছিল দেশভাগ ও মুক্তিযুদ্ধের সময় নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে সনাতন ধর্মাবলম্বীদের একটা অংশ আশ্রয় নেয় ডুমুরঝাঁপিতে। একসময় শরণার্থীদের উচ্ছেদ করতে খাবার ও পানি বন্ধ করে দেওয়া হয়। ঘরে আগুন দেওয়া, নৌকা ডুবিয়ে দেওয়া, নির্বিচারে মানুষ হত্যার ঘটনাও ঘটে। বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশ করতে চায় মোংলা চার্চের রেভেরেন্ড ফটোগ্রাফার সুনীল।

একদিন দুই নারীকে চার্চে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে সুনীলের, যারা জীবন বাঁচাতে খ্রিস্টধর্ম গ্রহণ করতে রাজি হয়েছে। সেদিনের পর আর খোঁজ পাওয়া যায়নি সুনীলের। দুই যুগ পর সুনীলের তোলা কিছু ছবির সন্ধানে নামে তার ছেলে ড্যানিয়েল। একসময় ড্যানিয়েল জানতে পারে তার বাবাকে নয়, সেদিন কবর দেওয়া হয়েছিল একটি গাছের গুঁড়ি। এরপর শুরু হয় সুনীলের সন্ধান। সে জীবিত নাকি মৃত, এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে দ্বিতীয় সিজনে।

ফেউ সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, মোস্তাফিজুর নূর ইমরান, তাহমিনা অথৈ, তানভীর অপূর্ব, হোসেন জীবন, রিজভি রিজু, এ কে আজাদ সেতু প্রমুখ।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com