১৩ অক্টোবর ২০২৬
preview
রণবালি’ মুক্তির আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজয়-রাশমিকার সাক্ষাৎ

মো. নূর নবী শেখ

মুক্তির অপেক্ষায় রয়েছে ভারতীয় দক্ষিণি জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার নতুন সিনেমা ‘রণবালি’। সিনেমাটি মুক্তির আগে মেগাস্টার তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সঙ্গে দেখা করলেন এই দুই তারকা। মূলত আসন্ন সিনেমার প্রচারের পাশাপাশি প্রিয় তারকা ও অনুপ্রেরণাদায়ী নেতার প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ সাক্ষাতের আয়োজন করা হয়েছিল। সাক্ষাতের মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম প্রকাশ করার পাশাপাশি মুখ্যমন্ত্রীকে নিয়ে নিজেদের অনুভূতির কথাও জানিয়েছেন তারা।

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে দেখা করার অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাশমিকা। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘অনেক দিন পর বিজয় স্যারের সঙ্গে দেখা করতে গেলাম। দীর্ঘদিন ধরে তার অন্ধ ভক্ত আমি, যার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে এবং তিনি আজ একজন সফল মুখ্যমন্ত্রী— তার এই পথচলা অত্যন্ত অবিশ্বাস্য ও অনুপ্রেরণাদায়ী।’

অন্যদিকে, বিজয় দেবেরাকোন্ডাও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। তিনি লেখেন, ‘প্রিয় থালাপতি বিজয় স্যারের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি। দীর্ঘ একটি দিন পার করার পরও তিনি আমাদের অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন। জীবন ও কাজ নিয়ে তাঁর ব্যক্তিগত উপলব্ধির কথাও ভাগ করে নিয়েছেন। একবার দেখা হতেই স্যার আমার অন্যতম প্রিয় মানুষ হয়ে উঠেছেন।’

এদিকে, আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘রণবালি’ সিনেমাটির। সম্প্রতি সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মাইথ্রি মুভি মেকার্স প্রকাশ করেছে এর ট্রেলার। তিন মিনিট ৪৭ সেকেন্ডের ট্রেলারে উঠে এসেছে ছবির প্রধান চরিত্রগুলো, গ্রামীণ রায়ালসীমার প্রেক্ষাপট এবং কাহিনির মূল সংঘাতের ঝলক।

রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত এই পিরিয়ড অ্যাকশনধর্মী সিনেমার গল্পের পটভূমি ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের মাদ্রাজের দুর্ভিক্ষ। ব্রিটিশ শাসনের হাত থেকে নিজের গ্রামকে রক্ষা করতে এক ব্যক্তির সংগ্রামকে কেন্দ্র করে এগিয়েছে কাহিনি।

সিনেমাতে সিঙ্গানামালা গ্রামের ঘোড়সওয়ার যোদ্ধা সিঙ্গানামালা বব্বিলি রণবালির চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা। তাঁর স্ত্রীর চরিত্রে রয়েছেন রাশমিকা মান্দানা। এ ছাড়া ব্রিটিশ কমিশনার স্যার থিওডোর হেক্টরের ভূমিকায় দেখা যাবে আর্নল্ড ভসলুকে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com