মো. নূর নবী শেখ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নবীন শিক্ষার্থীকে র্যাগিংয়ের ঘটনায় সাত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে একজনকে দুই বছর এবং ছয় জনকে এক বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি দুই শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
গত ৯ অক্টোবর (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের ৭৭তম রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও র্যাগিংয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্য সচিব ড. কামরুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, ২১ জুলাই ফার্মেসি বিভাগের নবীন শিক্ষার্থীদের র্যাগিং করার সময় মুশফিকুর রহমান তুহিন নামে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জরুরি অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। ৭৭তম রিজেন্ট বোর্ডের সভায় তদন্ত কমিটির প্রতিবেদন ও শৃঙ্খলা বোর্ডের সুপারিশের ভিত্তিতে সভার ৭৭.২০ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী মোট ৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও অর্থদন্ডের সিদ্ধান্ত হয়।
এ ঘটনায় ফার্মেসি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মো. নাজমুস সাকিবকে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়। একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জাহিদ হোসেন সরকার এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মিসকাত জাহান মুসফিক, ইউনুস হোসেন হিরাত, সাইদুর রহমান সিফাত ও সানোয়ার হোসেন তানিম এবং পদার্থ বিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইসতিয়াক আহমেদ ইফতিকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে, ফার্মেসি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামান্না তাজমিম তন্নীকে ১০ হাজার টাকা এবং সোহানুর রহমান সিফাতকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় রেজিস্টার বিজন কুমার ব্রহ্ম বলেন, সোশ্যাল মিডিয়াতে সংবাদ দেখলাম। কিন্তু এখনো আমার কাছে এ বিষয়ে কোনো কাগজপত্র আসেনি।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীমের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি। খুদেবার্তায় তিনি মিটিংয়ে আছেন বলে জানান।
গত ২১ জুলাই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষার্থীর বিরুদ্ধে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, বাংলা ক্লিনিক এলাকার একটি মেসে নবীন শিক্ষার্থীদের ডেকে নিয়ে র্যাগিং করেন সিনিয়র শিক্ষার্থীরা। একপর্যায়ে মানসিক চাপে মুশফিকুর রহমান তুহিন নামের এক নবীন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। রাত ৮টার দিকে তাকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাত ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com