১৯ অক্টোবর ২০২৬
preview
পদত্যাগ নিয়ে ফেসবুক পোস্টের পর এবার ইশরাকের অডিও বার্তা

মো. নূর নবী শেখ

পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে যাচ্ছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ বিষয়ে পোস্ট দেওয়ার পর এবার অডিও বার্তায় একই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী।

সোমবার সকালে গণমাধ্যমের কাছে পাঠানো অডিও বার্তায় ইশরাক হোসেন বলেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম- আজকে ইনশাআল্লাহ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে আমরা একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে আমার পদত্যাগের চূড়ান্ত ঘোষণাটি দেব। যেটি প্রধানমন্ত্রী কনভে করেছেন। সেটি আমরা ঘোষণা দেব এবং আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবো। আরও কিছু কথা হবে। পরবর্তীকালে আমরা সাংবাদিকদের কাছ থেকে কিছু প্রশ্নও নেব।’

এর আগে সকালে ফেসবুক পোস্টে দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথাও উল্লেখ করেন।

এর আগে রোববার বিভিন্ন গণমাধ্যমে ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর প্রকাশিত হয়। তবে তখন তিনি ও তার দপ্তর এ খবরকে গুজব, অসত্য ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন।

মাদকবিরোধী অভিযানে হাতে পিস্তল নিয়ে অংশ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যেই পদত্যাগের নির্দেশ নিয়ে খবর প্রকাশিত হয়।

ফেসবুক পোস্টে ইশরাক জানান, প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও বিএনপির কর্মী হিসেবে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করবেন তিনি। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি চালিয়ে যাওয়া এবং ‘প্রজন্ম দল’-এর সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান।

পোস্টের শেষে তিনি লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com