২২ অক্টোবর ২০২৬
preview
অভিনয়কে দ্বিতীয় পছন্দ হিসেবে দেখছেন প্রভা

মো. নূর নবী শেখ

একসময় নাটক ও টেলিফিল্মে নিয়মিত অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন সাদিয়া জাহান প্রভা। মডেলিং দিয়ে যাত্রা শুরু করে অভিনয়ে নিজের পরিচিতি গড়ে তোলা এই অভিনেত্রীর জীবনে এখন যুক্ত হয়েছে নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি করপোরেট জগতেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। বর্তমানে একটি ইলেকট্রনিক্স কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রভা।

প্রভা জানিয়েছেন, গত দেড় বছর ধরে এই প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে কাজ করছেন তিনি। বর্তমানে এটিই তাঁর প্রধান ব্যস্ততা। অভিনয়কে এখন আর প্রথম পেশা হিসেবে দেখছেন না, বরং দ্বিতীয় পছন্দ হিসেবে বিবেচনা করছেন। ভালো গল্প, ব্যতিক্রমী চরিত্র এবং উপযুক্ত সম্মানী পেলে তবেই নতুন কাজে যুক্ত হতে চান তিনি। অভিনয়ে নিয়মিত হওয়ার জন্য কোনো তাড়াহুড়োও নেই তার।

তবে অভিনয় থেকে পুরোপুরি সরে যাননি প্রভা। সরকারি অনুদানে নির্মিত দুটি সিনেমায় কাজ করেছেন তিনি। এর মধ্যে ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’ এবং সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’ রয়েছে। সিনেমা দুটির গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় অভিনয়ে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। তবে এখনো কিছু অংশের শুটিং বাকি রয়েছে।

সম্প্রতি মোশাররফ করিমের সঙ্গে ‘লুক আ লাইক’ নাটকে অভিনয় করেও আলোচনায় আসেন প্রভা। পাশাপাশি আহমেদ শাকিল নিসানের পরিচালনায় ‘বর্তমান’ নাটকে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া এনটিভিতে প্রচারিত ধারাবাহিক ‘পরের মেয়ে’তেও দেখা যাচ্ছে তাকে।

ব্যক্তিগত জীবনে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে প্রভাকে। জীবনের কঠিন সময় পেরিয়ে আবারও অভিনয়ে ফিরে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। অনলাইনে হয়রানি ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে নিজের কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছন্দ তিনি।

অভিনয় ও করপোরেট দায়িত্ব, দুই ক্ষেত্রেই নিজের পছন্দকে গুরুত্ব দিয়ে এগোতে চান প্রভা। আপাতত অভিনয়কে দ্বিতীয় পছন্দে রাখলেও ভালো গল্প ও উপযুক্ত চরিত্র পেলে পর্দায় তাঁকে দেখা যাবে। এখন প্রশ্ন, পরিচালকের দায়িত্ব সামলে ভবিষ্যতে অভিনয়ে কতটা সময় দেন এই অভিনেত্রী।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com