২৪ অক্টোবর ২০২৬
preview
ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলে ১ কোটি ২৫ লাখ টাকার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী স্বপন

মো. নূর নবী শেখ

টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভায় অবস্থিত ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের নতুন চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রকল্পের আওতায় শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১টার দিকে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নতুন এ ভবন নির্মিত হলে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেন, “শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তি। একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নও জরুরি। শিক্ষার্থীদের জন্য সুন্দর, নিরাপদ ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। নতুন এ ভবন নির্মিত হলে শিক্ষার্থীরা আরও ভালো পরিবেশে লেখাপড়ার সুযোগ পাবে। আমি আশা করি, এ প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. শামছুজ্জামান সুরুজ, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান, ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বপন, ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বাবুল হাছান এবং ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের এডহক কমিটির সভাপতি ও পৌর বিএনপির সভাপতি এস. এম. এ. ছোবহানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা ও গণ্যমান্য ব্যক্তিরা।

সংশ্লিষ্টরা আশা করছেন, চারতলা ভবনটি নির্মাণ সম্পন্ন হলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষের সংকট নিরসনে সহায়ক হবে এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নেও ভবনটি ইতিবাচক ভূমিকা রাখবে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com