২৫ অক্টোবর ২০২৬
preview
রাফি আলমের নতুন গান ‘ঋণী’

শোবিজ প্রতিবেদক, ঢাকা

গায়ক, গীতিকার ও সুরকার রাফি আলমের নতুন মৌলিক গান ‘ঋণী’ (Rinee) প্রকাশিত হয়েছে ২৩ অক্টোবর ২০২৬। একই সঙ্গে প্রকাশ পেয়েছে গানটির অফিসিয়াল মিউজিক ভিডিও।

আধুনিক সফট রক ঘরানার গান ‘ঋণী’-তে উঠে এসেছে ভালোবাসার সম্পর্কের এক চেনা বাস্তবতা। সম্পর্কে দুজন মানুষ সবসময় সমানভাবে ভালোবাসে না। কখনো একজন একটু বেশি ভালোবাসে, একটু বেশি দেয়, কিংবা নিজের অজান্তেই বেশি ত্যাগ স্বীকার করে। সেই না বলা অনুভূতি আর ভালোবাসার অদৃশ্য হিসাব নিয়েই গানটি।

গানটি প্রসঙ্গে রাফি আলম বলেন, “ভালোবাসা সবসময় সমান হয় না। অনেক সময় একজন অন্যজনের চেয়ে একটু বেশি ভালোবাসে, বেশি দেয়, অথচ বিনিময়ে কী পেল, সেই হিসাব রাখে না। এই ভাবনা থেকেই ‘ঋণী’ গানটির জন্ম।”

Article Content Banner
গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন রাফি আলম। যৌথভাবে কথা লিখেছেন রাফি আলম ও আর এস রাজী। সংগীতায়োজন, প্রযোজনা, মিক্সিং ও মাস্টারিং করেছেন রাফির ব্যান্ডের সহশিল্পী আফ্রেডি আলম রুদ্র।

গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা হার্পার্স ফেরিতে। গানটির আবেগের সঙ্গে মিল রেখে নির্মিত ভিডিওটির চিত্রগ্রহণ করেছে আরপি ভিজ্যুয়ালস। সম্পাদনা ও ভিডিও প্রযোজনায় ছিলেন রিদম নাথ।

মেলোডিনির্ভর মৌলিক বাংলা গানের জন্য পরিচিত রাফি আলম আধুনিক রক, পপ রক ও ইন্ডি রক ঘরানায় গান তৈরি করেন। তাঁর আগে প্রকাশিত গানগুলোর মধ্যে রয়েছে ‘দেখেও কি দেখোনা’, ‘পালিয়ে যাই’, ‘তোমার নেশা’ ও ‘ছোট্ট এ জীবনে’। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন মঞ্চে তিনি সংগীত পরিবেশন করেছেন।

‘ঋণী’ গানটির মিউজিক ভিডিও এখন ইউটিউবে দেখা যাচ্ছে। পাশাপাশি স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ বিশ্বের বিভিন্ন মেজর মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি শোনা যাচ্ছে।​


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com