২৫ অক্টোবর ২০২৬
preview
জামালপুরে ১৩ বছরের ছাত্রীকে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন

মো. নূর নবী শেখ

জামালপুরের দেওয়ানগঞ্জে মক্তবে আরবি পড়তে যাওয়া ১৩ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের মামলায় মুছা মিয়া (২৭) নামে এক ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মুছা মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিচণ্ডী গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মণ্ডলপাড়া এলাকার একটি জামে মসজিদে ইমামতি করার পাশাপাশি মক্তবে শিক্ষকতা করতেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০২০ সালের ২৮ নভেম্বর সকালে ওই ছাত্রী মসজিদে আরবি পড়তে যায়। পড়া শেষে অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে তাকে মসজিদে রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন মুছা মিয়া। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে ওই বছরের ৮ ডিসেম্বর দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন।

মামলাটির তদন্ত শেষে ২০২১ সালের ৫ মে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। পরে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, আদালতে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষও।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com