২৮ অক্টোবর ২০২৬
preview
ট্রোলিং ও ভুয়া প্রচারের বিরুদ্ধে বিজয়-রাশমিকার আইনি পদক্ষেপ

মো. নূর নবী শেখ

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিং ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে সাইবার পুলিশের দ্বারস্থ হয়েছেন দক্ষিণী সিনেমার তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার টিম। সম্প্রতি একটি সাক্ষাৎকার ঘিরে দুই তারকাকে নিয়ে অনলাইনে নানা মন্তব্য, মিম ও সমালোচনা ছড়িয়ে পড়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিজয় ও রাশমিকার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ভুল তথ্য ছড়িয়ে তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে তাঁদের টিম। এ ছাড়া বিভ্রান্তিকর স্ক্রিনশট ও বিভিন্ন পোস্টের মাধ্যমে নেতিবাচক প্রচার চালানোর পাশাপাশি অর্থের বিনিময়ে এমন প্রচারণা চালানো হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে তারকা জুটির টিম।

তাদের বক্তব্য, প্রত্যেকের মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। তবে সেই স্বাধীনতার আড়ালে কাউকে হেয় করা কিংবা মিথ্যা তথ্য ছড়িয়ে কারও সম্মানহানি করা গ্রহণযোগ্য নয়।

বিতর্কের সূত্রপাত হয় রাশমিকা মান্দানার একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে। সেখানে অভিনেত্রী জানান, বিজয় দেবেরাকোন্ডাকে বিয়ের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে তাঁকেই বারবার উদ্যোগ নিতে হয়েছিল। প্রায় এক বছর ধরে চেষ্টা করার পর বিষয়টি বিয়ে পর্যন্ত গড়ায় বলেও উল্লেখ করেন তিনি।

‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের ওই বক্তব্যের প্রসঙ্গ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় আসে। এরপর বিজয়কে নিয়ে নানা ধরনের মন্তব্য ও মিম ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশ তাঁকে ‘রেড ফ্ল্যাগ হাজব্যান্ড’ বলেও আখ্যা দেয়।

অনলাইনে ছড়িয়ে পড়া নেতিবাচক মন্তব্য ও প্রচারণার জবাবে এর আগে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছিল বিজয় ও রাশমিকার টিম। তবে পরিস্থিতির সমাধান না হওয়ায় এবার সাইবার পুলিশের সহায়তা চাওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com